শনিবার, ১৫ অক্টোবর, ২০২২

বাম-ডান

 

আচার বিচার জানিনে ছাই কদাচারের পক্ষে নই!
তাই না দেখে ভাবছে বামে বুঝি ডানের পক্ষে কই!

নিয়ম-রীতি, ভড়ং নীতি উভয় দিকে বেশ ভালো!
ডান বলেছে বাম যে আঁধার, বাম বলেছে ডান কালো!

মতামতের হতাহতে গুনতে গিয়ে সীমা নাই!
দিবারাতি হাতাহাতি, এর গায়ে ও ছুঁড়ছে ছাই!
_________________________________

Nihilism এর নাম প্রগতি নয়! Iconoclastic হয়ে গেলেই মুক্তি তাও নয়!

বুধবার, ১২ অক্টোবর, ২০২২

মনে পরে আমি হেরেছি


তের নদীপাড়ে তেরটি কল্প হেঁটেছি,

বিকল্প ছিল অজানা। 

পায়রার পায়ে বেঁধে চিরকুট দেখেছি,

সে আর মেলেনি ডানা। 


ঠিকানা কোথায় তাও যে জানতে বাকী,

আকাশের গায় ভাষা বুনে গেছি বিস্তর-

কোথায় পাঠাব পাখী? 


বনানীর ধারে শ্যামল ক্ষেত্রে

শিবা-সেনানীর তারকা-নেত্রে

রাত্রি বিবশ, নিকষ তমসা, মাঝে তার 

যেন জেনেছি- 


শুধু আমি আছি, আমি আছি। 


অখিল অচল হয়েছে, অক্ষি হয়েছে প্রস্তর,

অক্ষত আছি, স্বাক্ষী কে দেবে, 

বিবাদে যখন অন্তর? 


ঘুনে ধরা কথা গুনে গুনে লিখে,

কবিতার দায় সেরেছি।

বিজয়মাল্য গলায় নেবার ক্ষণ,

মনে পরে আমি হেরেছি। 

মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২

হতে কি না বলো

 


তোমার সীমান্তে তুমি যদি জানতে 

এলোমেলো ঝড়,

কারো বাসা ভেঙে যায়,

কারো অন্তর,

তবে কি সে পোড়া দেশেধুলোমাটি ভালবেসে,

হাজার প্রহর,

এভাবেই রয়ে যেতেএতটা পাথর-

হতে কি না বলো

হত নাকি ব্যথা বুকে আঁখি টলোমলো


ঘুমহারা রাত্রির গায়ে চাঁদ হাসে,

জ্যোছনার আলো ঝরে উঠোনের ঘাসে।

ঝিকিমিকি জোনাকির ছুটোছুটি অস্থির-

তুমি যদি জানতেতোমার সীমান্তে

তারা বাঁধে ঘর

কত রাগ-রাগিনীরকত মধু স্বর,

তবে কি সে দূর দেশেউদাসী মেঘের বেশে

এত মন্থর

এভাবেই বয়ে যেতেহতে না মুখর?

হতে কি না বলো?

হত কি না ব্যথা বুকে আঁখি টলোমলো?

সোমবার, ১০ অক্টোবর, ২০২২

এই খেদে বিশাখে রটে

 

মহামায়ার এমনি মায়া, কি দারুণ ভেল্কি বটে,

বুঝিতে কে পারে ওমা ঘটে ঘটে কি বা ঘটে! 

পেয়ে রে গরল গন্ধ, তাই ত্যাজে রে মকরন্দ, 

নিত্য ধনে করে সন্দ, কেঁদে মরে কি সংকটে! 

ওমা তুমি যে পরমানন্দ, বুঝে তবু মনে দ্বন্দ্ব

এমনতর কপাল মন্দ, এই খেদে বিশাখে রটে! 

সোমবার, ৩ অক্টোবর, ২০২২

ঐ আসিল মা হেমবরণী

 

ঐ আসিল মা হেমবরণী হেরম্বে লয়ে কোলে 

জগজনে হেরি জগদম্বে জগদুখ যত ভোলে। 

পেয়ে ভবরাণী ভূধর-ভবন

গিরিরাণী আজি সুখ-নিমগন, 

উঠিল মাতিয়া গগন পবন সুধারাশি কলরোলে। 

ঐ আসিল মা হেমবরণী হেরম্বে লয়ে কোলে।।


৩-১০-২২

অষ্টমী 









রবিবার, ২ অক্টোবর, ২০২২

অন্যে যেন নাহি জানে

 

দরিদ্রে পাইলে রতন সেকি অযতনে রাখে?

  • কমলাকান্ত ভট্টচার্য্য। 


দরিদ্রে পাইল রতন, রাখি কি বা অযতনে?

রেখেছি হৃদয়ে শ্যামা, দেখাব কি জনে জনে? 


দীনের সম্বল ধন, হৃদিপদ্মে ও চরণ-

স্মরি নিতি অনুক্ষণ, নিরজনে মনে মনে। 


দুটি কথা দুটি সুরে, বেঁধেছি তায় অন্তঃপুরে,

খিল দিয়ে নবদ্বারে, গাই তারে ক্ষণে ক্ষণে। 


বিরলে বিশাখ ভাষে, মন ভুলো না কথার বশে,

মায়ে পোয়ে এমনি থাকো, অন্যে যেন নাহি জানে। 

শনিবার, ১ অক্টোবর, ২০২২

ভবিষ্য ও হবিষ্য

 

বুঝতে নারি, ঘোর কলি কাল

কোনটে পুজো, কোনটে থিম,

ভবিষ্য কি জানিনে ছাই-

হবিষ্যে খাই সেদ্ধ ডিম! 


ঋণ করে চাই ঘি এর ধারা, 

ফাও পেলে হই পাগলপারা,

রঙ-তামাশা লাগামছাড়া-

কে খেতে চায় হিম বা শিম? 


চটকে দিয়ে পিণ্ডি কত,

মাইক বাজে গো কয়েক শত,

অমায়িকের দলে যত-

বোলচে 'মশাই ততঃ কিম?’ 


বুকের কথা নাই ক’ মুখে 

সাহস কোথা দাঁড়াই ঠুকে,

দিনে কতক বিড়ি ফুঁকে-

ফর্শা হবার মাখছি ক্রিম! 



তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...