শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫

দুরারাধ্যা ভবদারা

 



দুরারাধ্যা ভবদারা আরাধিতে মন যায়
চারিধারে মায়াকারা, মন তারে নাহি পায়!
পদ্ম-বিল্ব-জবাদলে সঁপি দিব পদতলে
গঙ্গাবারি নেত্রজলে স্নানীয় দি' রাঙাপায়-
তবুও না দিল সাড়া এ জ্বালা বোঝাব কায়?
বাঁধিব কি তন্ত্রবলে? কি ছলে কি কৌশলে?
বিশাখের এ কপালে দুখ না ঘুচিল হায়!
তাপিত তনয় ভনে, তারিণী তোমার মনে
যাহা ইচ্ছা তাহা কর, মনে তব যাহা চায়!
অন্তিমে রাখো কোলে- রহিল মায়ের দায়!












বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

বরষা সমাপনে

 

বরষা সমাপনে ব্যকুল মেনকা রাণী

কহিলা নগাধিরাজে "ভবনে ভবানী- 

আনিতে যাও ত্বরা।

ভাদর রৌদ্র সম তাপিত অন্তর মম

না দেখি তনয়ারে বরষ হল সারা,

নিভু নিভু আঁখিতারা! 

বলিবে পাষাণ শিবে, ত্রিদিবস তরে দিবে

গিরিজা তোমারে সঁপি। 

কহিয়ো ‘জননী তার, না পারে সহিতে আর-

কন্যা-অদর্শন, অহনিশি নাম জপি- 

উমা উমা উমা বলি ত্যাজিবে বিরস ধরা!’

গিরি আনিতে যাও ত্বরা!” 

রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

বিফল সাধনে যায়

 


বিফল সাধনে যায় দিবস যামিনী হায়!
বিরলে কথামালা বিলোল সুর ঢালা
সঘনসম গায়- শ্রাবণ চাঁদের গায়।।

নওল তাল জাগে সোহাগে অনুরাগে
পাপিয়া-কূজিত বনে ঝড়ের দোলা লাগে,
তিমিরে ঘেরে রাতি, নয়নে নাহি ভাতি-
গরজে পবন ঘোর, বিজুরী চমকায়।।




মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

যাও গিরি গিরিজা আন ত্বরা

 


যাও গিরি গিরিজা আনো ত্বরা।
না দেখি সে বিধুমুখী অধোমুখে আছে ধরা!
কহিয়ো কৈলাশেশ্বরে, মাত্র তিনরাত্রি তরে,
রহিবে ধরণীপরে, দশমীতে হবে ফেরা!
সকলে কাতর হল, ঐ বুঝি উমা এলো,
আগমনী গায় সবে, আসিবে নয়নতারা!
ষড়াননে গজাননে কমলা ভারতী সনে
পুলকে বিশাখে ভনে- হেরিব ভবদারা!



শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫

মাছমুরাল (Osprey)


তব অপাঙ্গে কম্পিত জলচর,
স্রোতবিধৌত তটে-ফেরা কীটকূল!
পাখায় তোমার নভোমণ্ডলহারী শস্ত্র-
নিক্ষেপ তার- শতাংশে নির্ভুল!
নিযুত নীলিমা-পথ বাহি এলে বন্ধু,
কত হিমগিরি, মরু, বিপুল বনানী, সিন্ধু-
লঙ্ঘি আমার শীর্ণা তটিনী-ঘাটে,
পূর্বস্থলী-বাটে!
______
মাছমুরাল (Osprey)- গেল শীতে পূর্বস্থলীতে তোলা।



বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

সম্বর ক্ষণকাল

 

বঁধু হে, সঘন-অম্বর, সম্বর ক্ষণকাল- 

এখনি যেয়ো না ফিরে, ঝড়ো বায়ু বিকরাল। 

দুকূলে তিমির হেরি, খেয়াঘাটে নাই তরী; 

দশ দিক গ্রাস করি- শ্রাবণের মায়াজাল- 

নামে ঐ ডমরু ডক্কারে, বনে বনান্তরে-

পরবত, পাথারে, অশান্ত অন্তরে, ক্ষুব্ধ, ভয়াল! 

শবাসনা শেষক্ষণে

 

অযুত দুরিতভারে চলিতে না পারি আর! 

শতধারে দুখধারা বহে আঁখি অনিবার।। 

প্রতি পলে কত ছলে প্রপঞ্চে পরাভূত, 

নাহি দয়া মহামায়া, হেরিয়া পতিত সুত;

হয়েছে বিষয়ব্যাধি, কে করিবে প্রতিকার? 

অনঙ্গ অঙ্গার সম, জ্বলিছে অঙ্গে মম, 

অপাঙ্গে রক্ষ মম, শ্রীপদে দিয়াছি ভার! 

পরে মাগো শরাসনে, কাতরে বিশাখ ভনে, 

শবাসনা শেষক্ষণে কোলে কি নিবিনা আর? 



১৭ জুলাই, ২০২৫। 


তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...