বুধবার, ১৭ এপ্রিল, ২০১৯

কুমুদ ও ধুতুরা

দূরের তারারা রাত্রির গায় ঘুমের গন্ধ মাখে,
আমি নির্ঘুম, নিরালা আঁধারে শত বেদনার পাঁকে।

সেই কবে থেকে জেগে আছি চাঁদ, অমাবস্যার পাড়ে,
তুমি গেছ ভুলে শুক্লা দ্বিতীয়া, তোমার ক্যালেন্ডারে-

কোন দিন ধরে রাখা নেই আর আমার জন্য শুধু,
যে ছিল কুমুদ সে হল ধুতুরা, আছে বিষ নেই মধু!

বৃহস্পতিবার, ২১ ফেব্রুয়ারি, ২০১৯

শাল্মলিকা


শাল্মলিকা,
প্রণয়ঘোর আকুলিত প্রদোষবেলায়,
প্রদীপ আলোয় লিখি- বিহগ কুলায়-
ফেরে- শুনি কার বিহাগে বাজে দীর্ঘ নিষাদ,
যদিও এ কাব্যমাঝে অকিঞ্চিৎ প্রমিত বিষাদ-
তুমি তারে কোরো ক্ষমা।

যা লিখি তা হয়ত অপ্রতিম ভুল,
যে নদী স্রোতেরে চেনে, চিনলা না কূল-
আমি যেন তেমনই একজনা।
অনবরুদ্ধ আবেগের স্ফূরণ ছটায়,
আমারই অলখিতে যে প্রমাদ ঘটায়-
সে তোমার চিরকালই জানা।

শাল্মলিকা,
তুমি যদি পারো,
কোরো ক্ষমা।

বুধবার, ২০ ফেব্রুয়ারি, ২০১৯

জানি না


যাবতীয় আকাশ-কুসুম, অলীক প্রমাদ,
অতুল আকাঙ্ক্ষার ঝুড়ি সব খুইয়ে এলাম!
সুতরাং, আজকে শুধু খোলস বদলানোর অবসর,
অবসর মানুষ থেকে সরীসৃপ হবার,
এ সরীসৃপ অপসৃত হয় অশরীরে।
খোলস হারাতে হারাতে কোথায় যে মিলিয়ে গেলাম,
টেরই পেলাম না কিছু,
কে যে বসে আছে মেদ-মাংসের গভীরে
তার তপ্ত, রুদ্ধ নিঃশ্বাসে আমি কেঁপে কেঁপে উঠি,
একে মনে হয় না জীবনের একমাত্র চিহ্ন,
কোন কঠিন মৃত্যুর ছায়া যেন অনন্ত কোটি-
বছর আমার ভেতর দুমড়ে মুচড়ে আছে।

খোলস ছাড়াই আর তাকে খুঁজি,
আমার অনেক সুন্দর স্বপ্ন, অনেক স্বচ্ছ বাসনা,
পরিশ্রুত গানের বাণী, কুটীর গড়ার পুঁজি-
সব যেন ধুয়ে মুছে যায় ধীরে ধীরে-
এটুকু বুঝি।
কি এক অন্ধকারের অন্তরালে কে যেন হাসে
কার বিদ্রুপের ভ্রূভঙ্গে আমি ঘুমেও চমকে যাই,
আমি তাকে দেখিনি কোনদিন,
অথচ আমি জানি সে আছে, আমি চমকাই,
এ চমকানো বাদলা মেঘে তড়িতের মত নয়,
এ চমকানোয় কোন আনন্দের ছিঁটে লাগে না গায়ে।

বেঁচে আছি।
জানি না কেন, তবুও বেঁচে আছি।
স্থবিরতায় ভাল লাগেনি, অথচ চঞ্চলতায় নিঃশেষিত হতে-
আক্ষেপ লাগে খুব।
ধীরে ধীরে, অন্তরের অন্দরে কোন মতে,
কি এক আত্যন্তিকতার মাঝে ডুব-
দিয়ে আমি কেমন যে হয়ে গেছি,
জানি না।


বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০১৯

ছন্নছাড়ার কথা

ছন্নছাড়া তো বটেই,
তবে তারও আগে কথা ছিল,
বহু চিঠি খাম-ছাড়া
রাখা ছিল বালিশের কালশিঁটে
আঁধার তলায়।

সেখানটায় আমি।

অনুচ্চারিত কথার গাঁথুনিজুড়ে
কোন আর্তস্বর, অভিসম্পাত বাজেনি কখনো,
দম্ভ বলেনি কথা, ছিল শুধু স্বাভিমানী বজ্রনিনাদ;
তাতে কত দানবের ঘুম ভেঙে গেল,
জেনে গেল তারাও দানব! 


রবিবার, ১০ ফেব্রুয়ারি, ২০১৯

শূণ্যতা


শূণ্যের কোন প্রামাণ্যতাও নেই
তার কাছে শুধু নির্বাক হয়ে থাকা,
কিছু মমতার বাঁধন পড়লে খসে
কিছু মমতায় যায় না যে তারে ঢাকা।

জানি কোনদিন আমাকেও যাবে ছেড়ে
নীড়ের পাখিটি পালকে গুঁজবে মুখ,
মেলবে না আর হাওয়ায় পাংশু পাখা।
কিছু চলে যাওয়া মেনে নিতে যদি হয়,
কিছু ফিরে আসা- নিজেকে ভুলিয়ে রাখা।

বৃহস্পতিবার, ১০ জানুয়ারি, ২০১৯

আপনারে রাখি ভুলায়ে


শত ভেক ধরি নানা রঙ রূপে আপনারে রাখি ভুলায়ে,
দুখের ধরণী জুজিতে না পারি- শতেক হাসিতে কুলায়ে।
পরিহাসে বাঁচি পরিজন লয়ে অপরিচিতেরে চাহি না,
সে জন রয়েছে মনের অতলে ভুলেও তাহারে ডাকি না,
সে আপনার মত আপনি রয়েছে আমার গহীনে মিলায়ে,
আমি শত বেশ ধরি ঢাকিতে গো চাহি, আপনারে রাখি ভুলায়ে।

নিশিমাঝে গাহে বিধুর রাগিনী, প্রভাতে পূরব মিলন সুর
কর্ণকূহরে রিরিরিরি শুনি, নিকট সে জন তথাপি দূর।
আমি অশেষ আঁধারে ছুটিয়া বেড়াই, দিকহারা পাখি ঠিকানা নাই,
গড়িতেছি নীড় বাসনা অধীর, সতত চপল কোথা যে যাই,
কাহার হস্তে পুতুলের প্রায়, কে রাখিছে মোরে খেলায়ে-
আমি বুঝিতে যাইয়া ঠাহরিতে নারি, তাই আপনারে রাখি ভুলায়ে।

কালের তটিনী ঊর্মি ভাঙিছে, কুলভাসী স্রোতে বন্যা-
আগমনী বাঁধি ওগো শুভময়ী ধন্যা গিরির কন্যা-
ঘরে আয় তুই অশুভরে নাশ, আমি কাঁদিয়া মরিনু একা,
সংশয় শোকে পাথর হইনু, আমারে দিবি নে দেখা?
অপার অশনি পরপারে শুনি- দখিন মন্দ মলয়ে
আমার অঙ্গে শমনের শর, আমি আভূষণে রাখি ভুলায়ে।

জনমের খেদ মেনকার বেটি মেদিনীতে টানি মারিলি,
দানিয়া আমারে অভাবিত দয়া, দহনকুণ্ডে ছুঁড়িলি!
শত পাথরেরে অর্চনা করি, লোকে বলি- ‘তুই সত্য’,
যাহাদের আছে সুখের বাসনা, সেই অসুখের ইহা পথ্য!
পরা-অপরার ক্রীড়নক হয়ে হৃদয় রেখেছি জ্বালায়ে
তবু শান্ত মূরতি ভান ধরে আছি, নিজেরে রেখেছি ভুলায়ে।

রবিবার, ৬ জানুয়ারি, ২০১৯

সেটুকু আমার তুমি

কিছু কথা থাকে বুকের পাঁজরে মুক্তোর মত নিহিত
কিছু প্রেম থাকে শুধু প্রেম হয়ে ,হয় না কখনো লিখিত।

কিছু না পাওয়া'য় দুঃখ থাকে না, কিছু পেলে বাড়ে বোঝা,
আরকিছু আছে চাইতে হয় না, হয় না কখনো খোঁজা।
 কিছু অপেক্ষা লাগে না মন্দ, আক্ষেপ নয় তুষিত
কিছুটা পিপাসা না মেটালে ভাল, থাকি চিরদিন তৃষিত-
 সেটুকু আমার তুমি।
 ৭/১/১৯

তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...