সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২

তালে তালে দোলে মুণ্ডমাল!

 

পদে প্রলয় প্রসারি চলে ধনী দিঙমণ্ডল ছায় চিকুরজাল!

করে কপাল-খড়গধারিণী, তালে দোলে তালে মুণ্ডমাল!

 

ঘোররবা অতি করালবদনা তারা বিগতাম্বরা রুধির গায়,

নৃত্যের তালে নাশে দানাদলে, হেরে নটরাজ মুরছা যায়

 

বক্ষে ধরেছে মোক্ষের ধন; আরূঢ়া শকতি, আসন কাল

বন্দনা গাহে প্রেত অগণন, তালে তালে দোলে মুণ্ডমাল!

 

 

 

 

রবিবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২২

কে করিবে ত্রাণ?

 

না চিনি নক্ষত্র, না জানি তিথি,

না জানি পূজন, লোকাচার-রীতি;

যেমতি রাখিলে, রয়েছি সেমতি,

চারুপদে রতি, নিতি গাহি গান!

কি বা মন্তরে, জানিব মা তোরে

ওমা চিন্তিয়া মরে বিশাখের প্রাণ!

 

কেহ কেহ কহে তন্ত্রে আছে লেখা,

সাধিলে এ মন্ত্র তবে পাব দেখা,

আর কেহ বলে, ললাটের লেখা

লীলাময়ী লীলা যেভাবে রটান!

 

আমি কোথা যাব? আমার কি বিধি?

কি করি সাধনা? কি বিচারে সাধি?

মাগো তোমারে দিয়াছি ভার নিরবধি

তুমি মারো যদি, কে করিবে ত্রাণ?

 

 

 

 

 

 

 

মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারি, ২০২২

যেন তেমনটি নয়।

 

কেমন এক নিরালম্ব শূন্যতায় মিলিয়ে যাই ক্রমশ তলে তলে।

গণ্ডুষে গিলেছি প্রত্যুষার আলো শেষবারের মতন যেন,

তারপর কড়জোড়ে দিয়েছি ডুব

তমসার অন্তরালে,

সমস্ত চুপ।

 

এখন অর্বুদ ভীতিপ্রদ অশনি সংকেত যেন সরোদের তারে-

ঘা মেরে যায় ঘুমিয়ে গেলে শ্রান্ত হৃদয়।

হতাশা জাগে, দৈন্যতা বক্ষপিঞ্জরে ঘুনে পোকার শব্দ তোলে,

তন্দ্রাহত কাঁপা বুকে বেদনা-উদয়

যেন অবিশ্রান্ত রাগিনী-রাগে

অনুরণিত হয়।

 

যেমনটি হবার ছিল,

যেন তেমনটি নয়। 

কি সুখে খেলিব খেলা?

 

সকলে করেছে যদি পতিতেরে অবহেলা
তা বলে তুমিও দেবে তনয়েরে পায়ে ঠেলা?
শতজনে টানে পিছে, শত রঙে কহে মিছে,
আমি বুকে বেঁধে শত ক্ষত বসে আছি, কাটে বেলা!
তুমিও নিদয়া হলে, আর কে বা রাখে কোলে,
তবে এবারে মা যাব চলে, কি সুখে খেলিব খেলা?

শুক্রবার, ৪ ফেব্রুয়ারি, ২০২২

ঢেউয়ের ভাঙন গোনা

 

অমন করে আর ঝরে না শেষ বিকেলের সোনা,
আমার এখন ঘাটে বসে ঢেউয়ের ভাঙন গোনা।
ফুলের মতন ঘুম ছুটিয়ে,
মায়ের কোলে যাই লুটিয়ে,
ছোট্ট বুকের কাঁপন ধরে সুরের খেলনা বোনা;
এখন আমার ঘাটে বসে ঢেউয়ের ভাঙন গোনা!

বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২২

বিশাখে কালিকার বেটা


কারা কারা নাম দিয়েছে
বিশাখে কালিকার বেটা
দুখ আর বুঝাব কারে,
এমন দুখ বুঝবে কেটা?
ভাবের দেশে নিত্য চুরি,
সুর বাঁধি সে মিছরি-ছুরি
ওমা পায়ে সেধে মায়ার ডুরি,
এ যে অঙ্কে বসে পঙ্ক-ঘাঁটা!

ত্যাজে আছি নিত্যধনে,
ওগো আনন্দে আপন মনে,
মোহ-অন্ধ এই ভুবনে—
দ্বারে আমার খিল যে আঁটা!

বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২

ক্ষয়ে যেতেছি

ভেসে ভেসে শেষে তোর পায়ে মাগো ঠেকেছি,
মুখ তুলে চেয়ে 'মা' বলে আমি ডেকেছি।

আমারে নিবিনে কোলে, ওমা বিপথে চলেছি বলে?
যদি মায়ার ভুবনে অযথা যতনে ধুলোকাদা আমি মেখেছি? 

আমি এমনি কি ভেসে যাব? 
নিঠুর নিয়তি- নিয়ত নিয়র টানে,
আমি মধু ভ্রমে বিষ খাব? 

ওমা তন্দ্রার ঘোরে স্বপনে, দেখি ঘিরেছে আঁধার তপনে,
আমি কোথা যাই, আমি যে সদাই, ভয়ে ভয়ে ক্ষয়ে যেতেছি! 

_____

সুর হবে পরে।

তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...