বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬

ভোররাতের গাজন

আমি কোন দিন আবদুল কুদ্দুস বয়াতির মত করে সনেট লিখব
আর তুমি বিটোভেনের মত করে তাতে সুর বসাবে, সরেস পল্লী সুর!
লালনের কাছে শিখেছিলাম আউলা ঘরানার হিন্দুস্তানী তান
আর কাঙালিনী সুফিয়ার কাছে নিয়েছিলাম বাঙালি তালিম, রাত-দুপুর-
কি করে যে কেটে যেত; সেই সব অতল স্মৃতির সাম্পান
এখন কখনো কখনো ভেসে ভেসে ওঠে- পুরাণ ঢাকার কালো টাইমসের পাড়ে!

বুড়িগঙ্গাটা আজও বুড়ি রয়ে গেল! বয়সে ভারে-
কতজন সাদা হয়ে যায় আর সে দিনদিন কালো হয় আরো!
লক্ষ্মীবাজার ঘেঁষে বিউটি-বোর্ডিং বিউটিলেস আনন্দে কবিতা ছেড়েছে
তার অকাল বার্ধক্য এসে গেছে- নজরে নেই কারো-
ওখানে আর কোন গ্যাটে মাথা ঘেঁটে লেখে না কিছুই,
আজ তার অস্তিত্বের সব গাঁটে চিনচিনে ব্যথা!

কবি হলে বুঝতে-
কি করে পল্লীকবি মাইকেল মধুসূদন লিখেছিল গাজন শুধুই
শিবের- ধান ভানার দিন এলে দাওয়ায় বসে হেনরিয়েটার সাথে।
আর জসীমুদ্দিন গিয়েছিল নোবেল নিতে- দাড়ি না থাকার দায়ে ভেস্তে গেল সব!
নজরুল তো বলেই দিল এক 'কৈফিয়ৎ' এ
আমি রবি ঠাকুরের মত ঠাকুর-ফাকুর নই!

ওয়ার্ডসওয়ার্থ ঘুমিয়ে গেলে পারসে বিশে শেলী
আকশের তারার সঙ্গে করে কথা চালাচালি-
এভাবে সে বেঁচে থাকতে চায়!

বুধবার, ১২ অক্টোবর, ২০১৬

বিজয়ার দিন

বিরহ ও শঙ্কা মিশে যেন গুর্জরী তোড়ী হয়ে গেছে,
বিজয়াতে কার পরাজয় জানি না, কিন্তু জয়ীও কেউ নয়,
প্রেম ও পরাঙ্মুখ বাস্তবতায় অনেক কিছুই যায় মুছে
যা থাকে গালভরা সুহাস্য অভিনয়- সেটুকু 
ভাগাভাগি করে নিই না হয়- এই সন্ধ্যায়।

এভাবে তো আরও একটা অনাগত বিজয়ার দিন
অগ্রীম আবিলতায় একান্তে কিছুক্ষণ ভেবে নেয়া যায়
ভাবা যায় তুমি আছো গা ঘেঁষে, বাইরে মেঘলা বাতাস।
এক টুকরো বেলকনি, ঝড়ের বিন্দু এসে আমাকে শোনায়
তুমি আমি দুজনের কেউই ভাল নেই!

বাইরে দেখ- এই অক্লান্ত পৃথিবীর কিছু অবকাশ-
আজ আর হয় না তো, আমাদের সাথে থেকে দু'মিনিট চোখ-
বুজে নিজের সত্ত্বাটুকু মিলিয়ে নেবার নিজের ভেতর;
আমি বলি 'হে পৃথিবী তোমার ইচ্ছে নেই, তবে এই হোক-
আমি আমার দূরত্বের বৈভব নিয়ে একলা বাঁচি-
আমার মতন বাঁচি মরণের পর!'


রবিবার, ৯ অক্টোবর, ২০১৬

ভাল্লাগেনা

আমার ভাল্লাগেনা কোনকিছু,
ভাল্লাগেনা ঘর দুয়ার আর বাইরে এত মানুষ, রাস্তাঘাট-
এত চঞ্চল, পূজার ঢল, আলোর জোয়ার- ভাল্লাগেনা।
একদিন যে নিঃসঙ্গতার ভেতর আনন্দ পেতাম
আজ তাতেও আসে ক্লান্তি আর একঘেঁয়েমি,
একদিন যে নিভৃতবাসে বুদ্ধ বিবেকানন্দ রবীন্দ্রনাথ
দেখা দিয়ে যেত, এখন সেখানেই থাকে তামস বিরাগ!

এখন কোথায় তুমি?
কোথায় মহানবমীর হোমের ধারে বসে উষ্ণতা নাও?
আমার যে ভাল্লাগেনা, ভাল্লাগেনা বেঁচে থাকা
ভাল্লাগেনা এখন আর সকল গানের সুর, তুমি শুনতে কি পাও
আর্তরবে সুললিত কত তান বেসুরো হয়ে মরে যায় আজকাল?

ভাল্লাগেনা। তুমি কোথায়?
তুমি কোথায়? পোড়া কপাল!
আমি চিরটা কাল কত কি অমূল্য ধন পেয়ে হারালাম!
তুমি সে তালিকা থেকে যদি অন্তত দশহাত দূরে থাকো
আমি এ জন্মে তবে আরেকবার এমনি জন্মে যাই!
বিশ্বাস করো- ভয় আর রাতের অন্ধকার, তোমাকে জানালাম-
আমাকে ভয় আর অন্ধকার কুঁড়েকুঁড়ে খায়।
আমার আর ভাল্লাগেনা গো- আমার থেকে থেকে কেন যে কান্না পায়
কেন যে দমিয়ে রেখে রেখে আমিও হয়ে গেছি প্রকাণ্ড পাথর!

জানি না আর, এ জীবনে কত কি দেখা বাকী
আরও কত সংপ্লাবী বেদনার দমকা হাওয়ায় আমি ভাসতে থাকব?
ভাল্লাগেনা গো, বুকের ভেতর দেখো কিছু কিছু বাসনা আমার
পুড়ে ছারখার, তবুও দুঃসাহসী আমি, তোমাকে কোথায় রাখব?
এ সাহসে ভাঙা যায় অনেক শেকল,
কিন্তু গড়া যায় না ক্ষুদ্রতম খড়-বিচালীর ঘর!

ভাল্লাগেনা। ব্যথায় অন্তর
কেমন যেন হয়ে গেছে।

শনিবার, ৮ অক্টোবর, ২০১৬

ব্যর্থতা যে অসীমে অসীম

প্রিয়তমাসু,
আমার ভেতরে বাইরে এখন শুধু ভাসমান দূশ্চিন্তা
জীবন ও মৃত্যুকে দু'পাশে রেখে আমি কোন মর্মর মূর্তির মত অবিচল
কিন্তু শরীরের প্রতিটি কোষে আছে না বলা কত স্বপ্নচ্যুত বিষ,
বিষে বিষে টলমল- এখন থেকে ভবিষ্যৎ, পূনরাবর্তে আসা ভুলের হদিস-
মেলে, পালভাঙা ঝড় ওঠে, আমার উঠানে ভাসে একগলা জল!

তোমাকে যে ঘরে ডেকেছি দ্বীপ জ্বালাতে সে ঘরে তামিস্রের বাস,
জন্মান্ধ অন্ধকার, দখলদারীত্ত্ব তার দরজার এ পাড়ে ও পাড়ে।
আমি আগুন জ্বালিয়েও যেখানে পারিনি একবিন্দু আলোর প্রস্ফুরণ
সেখানে তোমাকে দিয়েছি সংসার, লক্ষ্মীর শূণ্য ঘটে সৌভাগ্য আবাহন-
করে তোমাকে বলেছি আমি এইখানে তোমার স্থান, এই আশ্বিণ মাস-
তার স্বাক্ষী হয়ে আছে!

প্রিয়তমাসু,
আমার সাথে যে স্বপ্নের আর কোনদিন হয় না আলাপ,
আমি তার আশায় গান গাই জানালা খুলে নিশির দু-প্রহর!
তোমার হাতের মুঠোয় ছেড়ে নৈরাশ্যের অধিকার 
আমি দেখি কি করে ঘুমিয়ে পড়ে এ নগর কোলকাতা, আদিম শহর! 
অথচ আমরা তো জেগে থাকি, আমাদের তো জাগতে হয়,
যে দুজন মানুষের বাঁচা-মরা এক, যে দুজন মানুষের প্রেম অক্ষয়
তাদের নিদ্রা-অনিদ্রায় ফারাকই বা কি?

আমার সমাপ্তির সাথে আমি তোমাকে বেঁধেছি ভুলে,
আমি জানি- তুমি জানো, তুমি বোঝো, দু'চোখের উপকূলে-
আমার কি প্লাবন এই বেদনায় হতবিহ্বল হয়ে গুমরে মরে!
আজ শারদীয়া সপ্তমী, সাতজনমের টান যদি পারি বিধান খুলে-
বিধাতার আজকেই- এক করে দিতাম এনে তোমার দু'হাত ভরে
তারপর যা তোমার ভাল লাগে, তাই করতে!

প্রিয়তমাসু,
আমার ব্যর্থতা যে অসীমে অসীম!

মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০১৬

তুমি আমার

তুমি আমার মোজার্ট থেকে বধির বিটোফেন
ফরাসী সারেঙ্গী আমার, পিয়ানোয় তানসেন!
কোন আদ্যিকালের অসমাপ্ত ভবিষ্যতের সুর
রাত-দুপুরে বাঁশীর উজান, বাঁশবাগানের দূর-
গগনে উছলে ওঠো অলখিতে পাড়াগাঁয়ের চাঁদ
ভাঙা নদীর নউল প্রেমে আমার নিঠুর বাঁধ-
তুমি কি ভাঙতে পারো ঝড় দাপিয়ে দুমড়ে দিয়ে গুমোর
এঁটেল মাটির কাঁচা ঘ্রাণে পালপাড়ার ঐ কুমোর-
যেমন পুতুল গড়ে ভালবাসার, বিক্রি করে হাটে
তুমিও কি তেমনি করে বাঁচতে পারো ইছামতীর ঘাটে
শাড়ীর আঁচল উড়িয়ে দিয়ে তুফান এনে কূলে
ডোবাতে কি পারো আমায় চুলের বাঁধন খুলে?
তলাতলের অতল তলে ডুবতে ডুবতে হঠাৎ
করতে পারি প্রাণের ভিক্ষা, ধরতে পারি হাত!
তোমায় ছাড়া মরে কি সুখ! বেঁচেও নেইতো লাভ!
তোমায় ছাড়া ফিলোসফির তত্ত্বকথা- অসুস্থ বিলাপ!

সোমবার, ৩ অক্টোবর, ২০১৬

A Poem To You

Many a time this poem I write to you
And each time I failed to tell you what I mean.
The beauties are flashed beneath the sun
And the beauties to me yet unseen-
You are the anthology!

Many a time through my dreams   
Years percolate and tear them apart.
Listening to my echoing ache
Thought life's necessarily an obituary art
And full of fake- vague analogy!

Then you smile and take my hand
Help me to fly between the heart and soul.
Universe, certainly I comprehend
In its newest replenished form, begin to roll;
I too start to resurrect life! And at the end-

The distance I see of thousand light years
From you to me, it takes nothing more
Than a ocean of tears, and the shore
Sometimes flooded with pride,
Once I touched you, once I deprived
From everything you had for me!




রবিবার, ২ অক্টোবর, ২০১৬

দেশদ্রোহের কবিতা

আমরা যেদিন হারিয়েছি মগধ পাটলিপুত্র,
বিম্বিসার, অজাতশত্রু, মহাবীর, বুদ্ধ, চন্দ্রগুপ্ত, চাণক্য, বিন্দুসার,
অশোক, নালন্দা, গঙ্গা, অলকানন্দা, পদ্মার এপাড় ওপাড়,
তপ্ত মরুৎ গান্ধার হতে উৎকলে নীল তরঙ্গ শীতল পাথার, কামসূত্র-
বাৎস্যায়ন, অর্থশাস্ত্র, আর্য্যভট্ট, কনাদ-ফনাদ, তক্ষশীলা; 
যেদিন হারিয়েছি জৈমিনি, কপিল, অসংখ্য 'সাংখ্য' 'ন্যায়'
'বেদান্ত' 'বৈশেষিক' অগণন চার্বাক, মৈত্রেয়ী, গার্গী, বাক, সায়ন- বোধায়ণ,
বিদ্যাপতি, চণ্ডীদাস, শ্রীমতি সমেত জটিলা-কুটিলা, ঋক, অথর্ব, গৃহ্যসূত্র;
যেদিন হারিয়েছি, সেদিন হারিয়েছি চৈতন্য, শঙ্কর, নিম্বার্ক,
বোধাগম্য ভাববাদ, দ্বৈতাদ্বৈত ভেদ তর্ক, তীর্থে তীর্থে বিকীর্ণ গৌরব;
পতঞ্জলি জলাঞ্জলি- প্রাণায়াম-ফানায়াম, যোগাসন-টোগাসন,
পান্ডব-কৌরব, অযোধ্যার গাঁথা, দক্ষিণের কৃষ্ণকায় চৌল-চৌল সৌরভ
ভেসে আসত সুমাত্রা-টুমাত্রা দ্বীপ থেকে- আমরা তো সমস্ত হারিয়েছি!
হারিয়েছি পিতৃপুরুষ, রক্তের সাম্রাজ্য, স্বাধীন বৈভব, অগ্নিহোত্র ধূম,
সামগান, বারো মাসে আমাদের বিবিধ বরণ প্রথা, আমাদের নিজেদের রীতি,
'বসুধৈব কুটুম্বকম' উদার চরিত্রের বসুধা কুটুম- আর আজ-
ভা'য়ে ভা'য়ে আমাদের বৈমাত্রেয় প্রেম, বিদেশীর সাথে থাকে মধুর সম্প্রীতি,
আঙিনার এক চিলতে ঘাসের জন্য রণদেহী সাজ!
আমরা পেয়ে গেছি রক্তে রক্তে বিষ,
আমরা পেয়ে গেছি রক্তে রক্তে মারো-কাটো উল্লাস!
বেদুঈন, শক, হুন, তৈমুর, চেঙ্গিস- আমাদের শেখাতে এল শান্তির বাণী!
আমাদের বুদ্ধ গেল ধ্বংসের নিচে, ক্ষাত্রধর্মে এলো ঘুন ধরা গ্লানি!
চৌহান, মারাঠা, জাট, রাজপুত, সিন্ধি-ফিন্ধি সব অন্ধকারের ভীড়ে,
সোমনাথ, বিশ্বনাথ, ইলোরা-অজন্তা, উপনিষদের দেশে হিংসার তীরে
ডুবে গেছে দীনতার দারুণ হাওয়ায়!
যে দেশে বুদ্ধের নামে নেই একটা নগর,
অথচ ঔরঙ্গজেব টিকে থাকে হাজার হাজার যুগ, হাজার বছর,
সেদেশে এ কবিতা দেশদ্রোহ হবে!

তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...