সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২

লেগেছে কোথাও টান

 

খসে যাওয়া কোন তারকার মত নিঃসীম পথে চলেছি।

এটুকু কেবল বলেছি

 

এটুকু বলারই ছিল; বহু কবিতায়, বহু সুরে-মীড়ে

বহু রজনীর তিয়াস তিমিরে

বুক ছুঁয়ে ভেসে গেল-

 

যেটুকু বলার ছিল।

 

গহীনে বেজেছে গান

শুনেছ হয়ত, গহীনে বেজেছে গান।

 

ভরা-কোটালের ক্রন্দনে ভাসে দুরুদুরু সাম্পান

পেতেছ হয়ত কান।

 

ডুকরে উঠেছে রুদ্রবীণার তার,

বাঞ্ছিত রাগে বিবাদী স্বরেরা হাসে, ঝংকারে হাহাকার

ঐ বক্ষবিদারী বিজুলির মত চমকে

বিবাদী স্বরের গমকে

 

লেগেছে কোথাও টান।

 

 

 

 

 

 

 

 

 

শনিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২২

জেগে আছি

 

‘ব্রহ্মার একদিন’ ঘুম বাকী আমার চোখে।

রাত যায় আরও বিগত রাতের মত

মাটির ধরণী ছেড়ে আলোকের লোকে।

 

এ দিকে আরো বিস্তীর্ণ হয়েছে কারো তমসার ঘের,

ব্যাথার শৃঙ্খল আরো গভীরে সংহত।

উদাসীর নৈঃশব্দ ভেদে জাগে পাড় ভাঙনের

ঢেউ আসে কদাচিৎ, ঘর-দোর যত

ভেসে গেল চোখের পলকে।

 

জেগে আছি।

এক কল্প ঘুম বাকী একাকীর চোখে!

 

বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২

আশা ছিল

আমি ভেবেছিলাম যে কখনো কবি হবে
সে এখন খবর হয়ে ছেপে গেছে সস্তা বাজারে।
আশা ছিল যে হবে কবিতা কোনদিন
সে কেন ফেলে দেয়া ছিন্ন চিরকুট হয়ে যায়?

বাসনা ছিল যা দেখব একান্তে ফুটেছে ফুল হয়ে,
এখনো সে অঙ্কুরে আছে, মাটির তলায়;
একদিন অন্ধকার গর্ভ ছেড়ে যদি ওঠে ও বিস্ময়ে
আমি কি অদম্য আশায় তাই রাত্রি সেধেছি,
গুনেছি তারা রাত্রির গায়, পাছে ঘুম পায় এই ভয়ে।

ভেবেছিলাম যে কখনো আলো হবে
প্রলয় শেষের তমসা ভেদে, আদি আদিত্যের মত,
সে যেন জন্মেই নিভে গেল দুপ করে। 
শত বেদনা-প্রহত মরমে যে ভরসার নীড়ে 
তবু চেয়েছি আশ্রয়, সেও যেন ভেঙেছে ঝড়ে;
তারপরও আশার হল না ক্ষয়। 

মনে হত একদিন যে গুনগুন গীতিকা হয়ত হবে,
আজ দেখি সে হারিয়েছে সুরের সকল স্বর! 
সমগ্র প্রত্যাশা প্রতিবাদী হবে, ছিলই অজানা বটে,
জানতে হয়েছে পার দু কোটি বছর!

ভুল

 

ভুল করে ফিরে দেখি

ভুল কত আজ ছেয়ে গেছে ফুলে ফুলে।

স্মৃতির পাপড়ি বেলায় শুকালো

একে একে ঝরে ধুলে।

 

নদীতীরে আজও তেমনই বাতাস,

ফেলে আসা দেশে তেমনই আকাশ,

বাঁধা পাঁজরের গহীন অতলে

সুর ওঠে দুলে দুলে।

 

এ দেশে এখন ফাগুনের আনাগোনা,

আনমনে বসে পুষ্পকুঞ্জে মধুপের গান শোনা,

হঠাৎ জানিনে অসময়ে কেন-

মেঘ আসে খোঁপা খুলে।

 

পলে পলে হের ভাসি

 

কি মায়া রচিলে নয়নসলিলে পলে পলে হের ভাসি

মাগো দেখা নাহি দিলে, ভ্রমিয়া নিখিলে,

নিতি আমি ফিরে আসি

 

তব পদতলে; নাও যদি কোলে, শতবার আশা করি

ভুলে কোটি মোহে, অন্তরদাহে, সকাতরে কেঁদে মরি।

মধুময় যত প্রেমের মাল্য, ক্রমশ হয়েছে ফাঁসি!

 

কি মায়া রচিলে নয়নসলিলে পলে পলে হের ভাসি।।

 

 

সোমবার, ২১ ফেব্রুয়ারি, ২০২২

এবারে একটা যুদ্ধ

 

তবে শান্তির পথে আঁধার নেমেছে, আঁখি মুদেছেন বুদ্ধ,

এবারে একটা যুদ্ধ!

দামামা বেজেছে, রথীরা সেজেছে, বাজে শাঁখ, বাজে তূর্য,

ধুলায় ছেয়েছে সূর্য

অশ্বখুরের দমকে; কৃপাণে বিজুলি চমকে

কালভৈরব যেন দক্ষভবনে তাণ্ডব নাচে ক্রুদ্ধ

এবারে ভীষণ যুদ্ধ!

 

 

 

আমি গর্বিত

 

যেদিন 'ভাত খেতে' গিয়ে 'লাঞ্চ সেরে আসি' বলতে পারলুম-
বুঝলুম আমি ঠারেঠোরে বাঙালি হয়ে গেছি!
ক্রমশ প্রণয়িনী 'গার্লফ্রেণ্ড' হয়ে ওঠে।
নিয়ত আমার আধেক বুলি, প্রেমে বা অপ্রেমে বিদেশ ঘুরে আসে।
আমি একটি বাক্যে দশবার বিদেশে যাই!
আমার খিস্তি বদলে গেছে অ্যাদ্দিনে!
'কুত্তার বাচ্চা' ভুলে যেদিন 'সান অফ অ্যা বিচ' বললুম-
আমি দেখলুম, আমার ভেতরে বাঙালির শেকড় -
কুকুরের লেজের মতন বাঁকিয়ে উঠছে!
এতে আমার একচুল আক্ষেপ নেই। আমি গর্বিত!

তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...