সোমবার, ৪ ডিসেম্বর, ২০২৩

প্রচুর টাকার দরকার

 


সলজ্জ উদাসীনতার কোরকে থেকে

হয়ত হামেশা বলি 'আমার এমনি থাকা ভাল'। 

তালপত্রের ছাদ, এঁটেল দেয়াল, বাঁশের খুঁটি; 

কিছু অবাস্তব কবিত্বকলা ও অনুল্লেখযোগ্য সুরসম্ভার-

মাত্র সম্বল হলে বীভৎস সুখে বাঁচা যায়! 


এসব নিত্য অপলাপ শ্রবণে দরিদ্রেরা আহ্লাদিত হয়,

নিতান্ত নিরূপায় বলে হয়ত বা। 

অথচ বুকের অতলে আমি তো টের পাই- 


'আমার প্রচুর টাকার দরকার'! 

স্রেফ টাকা, অন্য কিছু নয়! 


ওসব খাতায় সাঁটা সাহিত্যের খাটনি-খাটা

মগজ-ভাঙা নেশার কলতানে ভাসতে ভরসা নেই!

এক বিন্দু নেই। 

আমি বরং ডুবে যেতে চাই এইসব জান্তব কর্কষ 

কঠিন কোলাহলে যেন, 

নচেৎ মৃদুতায় মৃত্যু ভিন্ন আর সুফল প্রাপ্তি কি? 


দরিদ্রের দাক্ষিণ্য বেমানান, 

তার বড্ড টাকার দরকার! 

বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩

অনিকেত

 

আমি আজও অনিকেত হয়ে রইলাম বিপ্রতিপন্ন-পরিচয়ে। আমাকে এখানে কেউ চেনে না। অচেনা মাঝিরা হাঁক দিলে আমি হাত তুলে সাড়া দেই। ওরা ভাবে আমি দিকনির্দেশক হব হয়ত। অথচ আমার এক বিঘৎ সুনির্দিষ্ট ঠিকানা- আজও জোটেনি কোথাও। পাড় ভেঙে যেমন ধসে যায় নদীর গর্ভে আমি ওভাবে বিলীন হই। কারো আক্ষেপ নেই। ঐকান্তিক অনুশোচনা- প্রকটেরও আমি দিইনি কাউকে যেন অবসর। শুধু দু দশটা কবিতা সংবরণের পর- আমি আমার প্রলাপ একাই বকে যাই! তাও একেবারেই আঁধারে চুপিসারে। এসব কারো না জানলেও ক্ষতি নেই।

সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩

কত আর দ্বার দিয়ে রই

 

কত আর দ্বার দিয়ে রই, 

চোরের কর্ম চুরি করা, 

যদি দিয়ে দিস মা অভয়পদ

নিত্যধনে রতেম ভরা! 


ওমা, 

এ অন্তর পুড়িয়ে ভবে, 

সুবাস কিছু উঠল তবে, 

ফাঁদ পেতেছে, সিঁধ কেটেছে, 

রাত্রে ভাঙে খিড়কি কড়া! 


মাগো, 

যা যা ছিল আমার বলে, 

একে একে চরণতলে

নে মা টেনে, তনয় জেনে

বিশাখ ভনে- দুঃখহরা! 


১৬-১০-২০২৩ 




শুক্রবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৩

প্রতিষ্ঠা

 

আজকাল আমার-

কেবলই আমার বড় বেশী প্রতিষ্ঠা প্রয়োজন, 

খুব বড়, সর্বোচ্চতম প্রতিষ্ঠা- প্রস্তরভাস্কর্য-

হব ভাবি, নইলে এ জীবদ্দশা আত্মহনন-

এমন এক বৈকল্যদর্শনে কৈবল্যলাভ মানি;

এ বড় অদ্ভুত বাসনা, এ বাসনা অত্যাশ্চর্য! 

শুধু আমারই এমন কিছু চাই। আমি জানি-

বাকী জগত নির্মোহ, শত্রু-মিত্র সব যোগে

আরূঢ় দেখি, একা আমি মহাপামর পতিত-

এ মহীতলে, তাই আমায় উঠে দাঁড়াতে হবে, 

নগরাজের মতন, মৈনাক হলে নাক কেটে

জলের অতলে যাব, এমন শঙ্কা আহত করে

কবিতা ও গানের কলির গভীরে তীক্ষ্ণ শরে-

শোণিততপ্ত মেদমাংস মজ্জা হৃদয়ে, কাতরায়

নিরালম্ব মানব পরিচয়, এ বড় বিচিত্র বেদন; 

এ এক নিষ্ফল প্রলাপমালা অকালে শুকোয়। 

এবং আমি জানি, এ বিমূঢ় আত্মায় একাকী-

ফেরে শত জন্মক্লান্ত খিন্ন পিয়াস, রক্ত আঁখি-

আমার রাত্রি জেগে, ঘাটেঘাটে দুঃখ বিকোয়!

বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩

অনু-প্রেরণা

 

অনু-প্রেরণায় ভেসে যায় গোটা দেশ

রাকেশ রোশান পালিয়ে বেঁচেছে চাঁদে! 

আমরা রয়েছি কোন ক্রমে ঠারেঠোরে, 

নচেৎ, বাঙালী-জনমে রবিও-

নিভৃতে কাঁদে! 

শুক্রবার, ২৫ আগস্ট, ২০২৩

হাঁটছি

 

হাঁটছি। 


অনেক আগে থেকে

অবিশ্রান্ত। 

কবিতার মত গুরুত্বশুন্য

একাকীত্ব বিলাসে,

অভ্রান্ত- 

অলীকতার দেশে। 

আমি হাঁটছি। 


ফুলের মালায় বিস্বাদ,

ভরে না উদর, 

জোটে না ঘর- 

বনচারী কুরঙ্গের। 

প্রশংসার উছল বাণী

নিরর্থক মরম-ভঙ্গের-

কাছে সর্বশেষে। 


এই উদ্ভ্রান্ত অলীকতার দেশে

আমি হাঁটছি।

শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩

কালকূট

 

হয়ত বা এর কোন মানে নেই

যেটুকু হয়েছে বলা, 

মানে ছিল কিছু ওসবের মাঝে

লিখে লিখে মুছে ফেলা-

যত হিজিবিজি কথা রাতদিন। 


চোখের ওপারে দূরবীন-

কার চোখে ধরা, অদেখার সাধে- 

বুক বাঁধা, যেন তানপুরা; 

ঘন বরষায় প্রিয় মল্লারে কাঁদে

নিষাদে বিষাদে সুরা- 

হীনা-সাকী, পানশালা-ঘরে একা, 

এখনো মেলেনি দেখা। 


মন্দ্র-মিনতি অকরুণ যেন ফেরে

সঘন-বাতাসে, ওড়ে কত চিরকুট, 

চোখের পলকে ঘূর্ণির মত ঘেরে

ঘনায় ভেতরে মন্থনশেষ কালকূট! 

তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...