বুধবার, ১৪ ডিসেম্বর, ২০১৬

ভাল না থেকেও জানিনি

বহু কবিতার আগুন নিভেছে, একমুঠো দেখি ছাই।
কালো অঙ্গার বুকের কোরকে এখনো তোমাকে চাই!
সব রাত্রি কি দুখে দুখে যাবে? সব ফুল যাবে ঝরে?
সব উষসীর আলোর সায়রে আমাকে কি মনে পড়ে?
আমি তো রয়েছি তোমাকে জড়িয়ে দু'কোটি কল্প একা,
বহু জনমের মৃত্যু লগনে যদি একবার মেলে দেখা-
সেই বাসনায় লক্ষ লহরী সুরে লয়ে গেছে ভেসে
তুমি কি এখনো দাঁড়াতে অরাজি আমার সামনে হেসে?

দেখো, এই যে পৌষী কুয়াশা আকাশ উদাস গুমরে কাঁদে
তাকেও তো আমি বোঝাতে পারি না কি করে যে বুক বাঁধে-
ঘন বেদনার ক্ষুরধার ঘায়ে যদি কারো কাটে অবকাশ
কি করে সে পারে জীবনের কাছে বন্ধক দিতে বিশ্বাস-
বিরাগী যখন মোহের পৃথিবী ধীরে ধীরে যায় সরে?
কুসুমিতা সেই রিক্ত তিমিরে আমাকে কি মনে পড়ে?

আমি আছি সেই শুভক্ষণ থেকে সকল অশুভ সন্ধ্যায়
ধূতুরার বিষে সিক্ত হৃদয় আমি ঢেকেছি রজনীগন্ধায়।
ভাল আছি খুব, খুব ভাল আছি, তুমি ভালো থেকো অভিমানিনী।
ভাল না থাকার কি যে অনুভব ভাল না থেকেও আমি জানিনি।। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মশাল যাত্রা

  ঘোর ক্রান্তির দিনে সবাই যে অস্ত্রে শান দেবে তা তো নয়, কেউ বা, হয়ত আঁধারে মুখ তুলে আকাশে গুনবে তারা! স্রেফ তোমার দায়টুকু তুমি জেনে নিলেই ...