শনিবার, ৪ এপ্রিল, ২০২০

ক্ষমাপ্রার্থনা



আপনারে রাখি পিছে, তুচ্ছেরে দাও বাড়ায়ে,
এও যে তোমার লীলা- ভবমাঝে দাঁড়ায়ে-
জানি প্রভূ এ অকিঞ্চনে, তব দয়া আছে কিছু,
তোমা রাখি শিরোপরে, আমি রহিলাম নীচু,
তোমার আশিস রাখো জীবনেতে মম,
যত অপরাধ করি- তুমি অকাতরে ক্ষম!


(আমার লেখা একটা রম্য কবিতার অংশ বিশেষ। মনে হল যেটির আলাদা সংরক্ষণ হলে ভাল হয়।)

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২০

তৃতীয় কোয়ারান্টাইন গ্যাঁজাল (একটি প্রার্থনা)

উৎসর্গ- ডাক্তার দেবাশিস
_____________________



তোমার ভাষাটি সহজে বুঝিবে এহেন সাধ্য নাহি কারুর
তুমি রসরাজ উদিলে বঙ্গে সহসা, বঙ্গভাষার শশী থারুর!
আমরা যতেক জ্ঞানগুণহীন তোমার প্রকাশে হই ঋণী,
দুরূহ শব্দে তুমি অভিধান, তামস আঁধারে দিনমণি!
তব জ্ঞান প্রেম চতুরতা নিধি দিনে দিনে বাড়ে শশীকলা,
আমি মূঢ়মতি চঞ্চল অতি, হেরি তাহে খাই কান-মলা!
অরূপেরে দেহ জ্যেষ্ঠ বিনয়, অপ্রকাশেরে কত স্নেহ,
আমি অভাজন রহিলাম দূরে আমি কি গো নহি কেহ?
জানি জানি আমি বৈষ্ণব নহি, সদা দূরাচারে আছি লিপ্ত,
তুমি হও প্রভূ ক্ষমার পাথার, হলে আমা পরে শুধু ক্ষিপ্ত?
ওহে দয়াবান, গুণের দরিয়া, অধমেরে দয়া করো হে,
আমি নাহি জানি স্তুতি তোমার, ডুবিনু ভবের মোহে হে!
আমারে শেখাও ভাষার মাধুরী, সদা শুদ্ধ বানান- প্রভৃতি
মূর্খ জানিয়া ঠেলিও না পায়, তুমি বিনা মম নাহি গতি!

হে রসের সাগর, প্রেমিকপ্রবর, কেষ্টনিষ্ঠ কঠোর বৈদ্য
ভবের কুষ্ঠ ধরিয়াছে গায়, ধরি পায়, পার কর হে অদ্য!
ক্ষীন অন্তর, হীন চরিত্র, দীন স্বভাবের আমি চির পাপিষ্ঠ
(খর) বৈতরণী তরিবার গরু তুমি হে, তুমি মম গুরু, প্রাণের ইষ্ট!

এমন দয়াল গুরুর নামে জয়ধ্বনি দাও,
দুই বাহু তুলিয়া উচ্চে, আনন্দে লাফাও! (হে)!
দেবের আশিস মাথায় তুলে ধরণী কাঁপাও! (হে)!

হরিবোল, হরিবোল, হরিবোল, বোল হরি, হরিবোল... ইত্যাদি!  


ক্ষমাপ্রার্থনাঃ

[আপনারে রাখি পিছে, তুচ্ছেরে দাও বাড়ায়ে,
এও যে তোমার লীলা- ভবমাঝে দাঁড়ায়ে-
জানি প্রভূ এ অকিঞ্চনে, তব দয়া আছে কিছু,
তোমা রাখি শিরোপরে, আমি রহিলাম নীচু,
তোমার আশিস রাখো জীবনেতে মম,
যত অপরাধ করি- তুমি অকাতরে ক্ষম!]

দ্বিতীয় কোয়ারান্টাইন গ্যাঁজাল (চা খাবো না?)

উৎসর্গ- ডাক্তার দেবাশিস
______________________
বাদশা কহেন হাকিমে,
‘দাওয়াখানা বসে কি যে কর তুমি দিনভর,
আমি সারাদিন রই হারেমে-
তাতেও অরুচি লাগে’!
বৃদ্ধ হাকিম চিন্তায় রাত জাগে-
বাদশার মনে অসুখের মেঘ ভারী!
হাকিমিপ্যাথিতে এ রোগ সারিতে নারে,
এতদ্ভিন্ন আর কোন ডাক্তারি-
তাও তার জানা নাই!
শ্রীহট্ট দেশে এলোপ্যাথি কিছু আছে,
পাঠায়েছে দূত, ধরে আনো এক ডাক্তার!
বাদশার মনে বিরূপ অরুচি কেন হে,
ত্বরা তুমি এর কর তো খানিক প্রতিকার!
নাড়ী টিপে দ্যাখে, চোখ বুঝে খন,
ডাক্তার বলে ‘ভালো
এমন কিছু তো হয়নি এনার-
জাস্ট সিজনাল চেঞ্জ এলো!
রোজ দুই বেলা-
ভালো করে পিষে গেন্দা ফুলের রস
দুই ফোঁটা সেটি মিশিয়ে উষ্ণ জলে
কমলে কিছুটা কষ-
তখন খেলেই হবে, পাবে বটে উপশম!’
আপ্যায়নের ত্রুটি রহিল না,
সবে বলে ‘এই ডাক্তারসা’ব ধন্য’!
ডাক্তার আছে দুখী হয়ে এক কোনে
হাকিম শুধান- ‘কেন গো কিসের জন্য?’
ডাক্তারে ক’ন,
এত আয়োজন নেই তার কোন তুলনা,
আমার যে বড় পিপাসা রয়েছে এখনো-
‘আমরা কি চা খাবো না?
চাচা এক কাপ চা কি পাবো না?’
___________________
উৎসর্গপত্রের কথা আর লিখলাম না।

মায়াবাদ -২ (সর্পে রজ্জু ভ্রম)


রজ্জুতে সর্পভ্রম কেন হইল?

১। হইতে পারে দ্রষ্টার দৃষ্টি শক্তির দুর্বলতা রহিয়াছে।
২। রজ্জুর উপরিভাগে পর্যাপ্ত  আলোকের প্রক্ষেপণ না থাকায় ভাল বুঝা যাইতেছিল না।
৩। দ্রষ্টা অধিককাল যাবৎ সর্পচিন্তায় নিমগ্ন রহিয়াছিলেন বিধায় সকল কিছুর মধ্যে একটি সর্পত্ব পাইতেছেন তিনি।

রজ্জুতে সর্পভ্রম ব্যপারটিকে একটি Hallucination রূপে প্রতিপাদিত করেন নাই শংকর। তিনি বলিয়াছেন ইহা একটি Super-imposition. যাহা বস্তুত যাহা নহে তাহাতে তদ্ভাবের ব্যঞ্জনা আনয়ণ করা। এটিকে শঙ্কর বলিলেন ‘অধ্যারোপ’- অধি+আরোপ। রজ্জুতে সর্পভ্রম তেমনি একটি আরোপের উপমা। রজ্জুকে সর্প মনে করিয়া দ্রষ্টা ভয়ার্ত হইতেছে। অথচ ইহা সর্পই নহে! ইহার নিহিত তাৎপর্য্য হইল- একটি অচল জড় জগত যাহার বস্তুত স্বাধীন চৈতন্য নাই, তাহাতে কল্পিত চৈতন্যের কল্পনা করিয়া আমরা আসক্ত হইতেছি, হাসিতেছি, কাঁদিতেছি! জগত নির্বিকার। ইহা ভালও নহে, মন্দও নহে! আমরা যেইরূপে ভাবিতেছি, জগত সেইরূপে প্রতিভাত হইতেছে! ইহাই ভ্রম, ইহাই মায়া! আরো আত্মিক স্তরে যাইয়া বলিতেছে বেদান্ত- দেহের সহিত যে মানবের আমিত্বের বন্ধন ইহাই যে বড় মায়া। আত্মস্বরূপ ব্রহ্মকে না জানিয়া দিবসযামী এই দেহকে সর্বস্ব করিয়া চলাটিই ভ্রম! জগতকে ব্রহ্মময় না দেখিয়া ইহাকে ভোগপ্রবৃত্তি সাধনের উপায়রূপে দেখিতে আমাদের যে চেষ্টা ইহাই মায়া, ইহাই ভয়ংকর ভ্রম!

কেন এই ভ্রম? উপরোক্ত তিনটি উত্তরের মধ্য দিয়া যাইতে চেষ্টা করিব। প্রথমে বলিয়াছি- দ্রষ্টার দুর্বল দৃষ্টির কথা! দিনের আলোতেও সকলে একই প্রকার দেখিতে পায় না। সকলের দৃষ্টি সমান ক্ষমতা সম্পন্ন নহে।  যাহার দৃষ্টি যেমন সে তদসামর্থ্য অনুযায়ী বস্তুকে দেখিতে পাইবে ও তাহার বর্ণনা করিবে।  সুতরাং কাহারো দর্শন এইরূপে ভ্রমাত্মক হইতেই পারে।
দ্বিতীয় উত্তরানুযায়ী- দ্রষ্টব্য বস্তু আলোকবঞ্চিত হইলে তাহাকে ভাল দেখিতে পারা যায় না। যাহা দেখিতে অস্পষ্ট তাহা লইয়াও নানা জনের নানা মত উপস্থিত হওয়া কি অস্বাভাবিক?
তৃতীয় উত্তরানুযায়ী- যে যে ভাব লইয়া সর্বদা আচ্ছন্ন থাকে তাহার সকল কার্য্যে সেই ভাবের প্রকাশ আপনি আসিয়া পড়ে। মস্তিষ্ক কোন একটি বিষয় লইয়া অতিসক্রিয় হইয়া উঠিলে তাহার impact দীর্ঘস্থায়ী হয়। ইহা তো বৈজ্ঞানিক ভাবেই সিদ্ধ সিদ্ধান্ত। এই কারণেও লোকের ভ্রমাত্মক দৃষ্টি জন্মাইতে পারে ক্ষেত্রবিশেষে। 

আমরা কে কি কারণে ভ্রমে মজিতেছি ইহা আমাদেরই নিরূপণ করিতে হইবে। তবে এই সর্পভ্রম লইয়া আমার একটি কূট প্রশ্ন জাগে। কেন রজ্জুতে সর্পেরই ভ্রম হইতে হইবে? অপর কিছুর ভ্রমাত্মক আরোপ হইবে না কেন?

কেন না, রজ্জুতে আরোপ করিবার উপযুক্ত অপর কোন চৈতন্যসম্পন্ন প্রাণীর কথা আমি জানি না! তাই সর্পই কল্পনা করিতে হইল! ইহাও পরিপূর্ণ উত্তর নহে। বরং বলিতে হয়, আমাদের সর্প সম্বন্ধিত পূর্বাভিজ্ঞতা এতটাই শক্তিশালী যে সাদৃশ্য বিবেচনায় একটি বক্রাকারে শায়িত রজ্জু দেখিলে তাহার সহিত সর্পের যোগ অগ্রে উপস্থিত হয়। আমার বক্তব্যের মূল সুরটি হইল- আমরা তাহাই আরোপ করিতে সক্ষম যাহা সম্বন্ধে আমাদের অতীত জ্ঞান রহিয়াছে। যে ব্যক্তির সর্প সম্বন্ধে তিলমাত্র জ্ঞান নাই সে কি করিয়া সর্পভ্রমে পতিত হইবে? জগত আমাদের অর্জিত অভিজ্ঞতার আলোকে ব্যাখ্যাত হইতেছে আমাদের নিকট। যাহার অভিজ্ঞতা যত শুদ্ধ, যত গভীর, যত ব্যপ্ত তাহার দৃষ্টির পরিধিও তেমন হইবে! বিষয়াসক্ত চিত্ত বিষয়ের বাহিরে কিছুতেই আনন্দ পায় না! চিত্ত যার যেখানে নিবিষ্ট সে তথায় আশ্রয় লইবে। যে সুরাপায়ী নহে তাহাকে মাতলামির অনুভব বুঝাইতে পারা যাইবে না! সে সদা সর্বতোভাবে সদাচারী তাহাকে কি করিয়া বুঝাইবে দুরাচারে কি সুখ! সকলের কাছে সুখ ও দুঃখের অনুভব আপন আপন চরিত্রের ধরণ অনুযায়ী ধরা দেয়! জগতও তাহাদের কাছে তদ্রূপে প্রকাশিত হয়! ব্যর্থ প্রেমিকের কাছে মনে হয়- এই জগত একটি প্রবঞ্চনা, তেমনি নব্য প্রেমিক মহীতলের সর্বত্র বসন্ত দেখিতে পাইতেছে এক্ষণে! জগতকে কে কিরূপে দেখিতেছে তাহাতে জগতের ভ্রূক্ষেপ নাই! ইহাই মায়া। অভিজ্ঞতাবাদ দর্শনের ঢঙে কহিলাম।

পূর্বেই লিখিয়াছি- শঙ্কর ‘রজ্জুতে সর্পভ্রম’-কে একটি উপমা হিসাবে উল্লেখ করিয়াছেন। শঙ্কর ইহার সহিত অধুনাতম ‘অভিজ্ঞতাবাদ’ জুড়িয়া দেন নাই! অভিজ্ঞতাবাদটি আমার ভাবনাপ্রসূত। সর্পের ভ্রম হইতে আমাদের মুক্তি নাই। কেন না আমরা সর্প লইয়ায় দিবারাত্র আছি। অতএব সর্পের ভ্রম হইবেই হইবে। সর্প হইতে দূরে সরিলেই রজ্জুর উপর সর্পের আরোপ আনিবার বৃত্তিটি ক্রমে নাশ হইবে। ইহা সহজে বুঝিতে পারিবার মত কথা। দার্শনিক কূটবাক্য নাই ইহাতে কোন। সর্পের সহিত দূরে রহিবার কথাটিই অদ্বৈত পথে ‘নেতি নেতি’! ‘ইহা নহে, ইহা নহে’! যাহা ব্রহ্ম নহে তাহা হইতে দূরে রহো! ক্রমে সাধনফলে জানিবে- ‘সর্বং খলু ইদং ব্রহ্ম!’ যাহাতে ব্রহ্ম নাই ভাবিয়াছিলে, পরে তাহাতেও ব্রহ্মদর্শন হইবে। ইহা অদ্বৈত সাধনার শেষ ফল! ইহাই মুক্তি।

সর্প লইয়া কম ভাবিলেই সর্পের ভ্রম হইবার মাত্রা কমিবে! তবে ইহা করিতে যাইয়া কেহ ‘সর্পে রজ্জুভ্রম’ করিয়া বসিলে হিতে বিপরীত হইবে ইহা কে না বলিতে পারে। ইহাতে কিঞ্চিত বস্তুবাদের গন্ধ ঢালিলাম শেষাংশে। পাঠক ইহার কি অর্থ করিবেন দেখি।





বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২০

মায়াবাদ


ভগবান লীলাছলে এই জগতপ্রপঞ্চ রচিয়াছেন, তাহাতে প্রাণের সঞ্চার করিয়াছেন, প্রাণের স্পন্দনের অন্তরালে তিনি দিয়াছেন চেতনা যাহাতে জীব একদা অনুভব করিতে পারে এই জগত তাহার রচনা, তিনি জগতের স্বামী, তাহাকে জানিতে পারিলেই মুক্তি, তিনিই সকল জীবাত্মার একান্ত গতি! আমরা তাঁহাকে জানিতে পারি না বলিয়াই এত দুর্দশায় পতিত হই। এই সংসারে একমাত্র তিনিই সত্যসার, বাকী সকল অনিত্য, অসার, মিথ্যা ও জড়- এই বোধ নাই বলিয়াই আমরা এত পতিত, এত তাপিত; তাঁহার শীতল করকমলের স্পর্শ হইতে বঞ্চিত। আমরা কেন এত ভ্রমে মজিয়া আছি? সত্যকে অনুভব করিতে আমাদের এত অপারগতা কিসের? কেনই বা এই সংসারের বন্ধুর পথে বারেবারে নানাভাবে হোঁচট খাইয়া পড়িলেও এই সংসার হইতে আমাদের আসক্তির লেশমাত্র উপশম হয় না? আমরা কেনই বা এত ভগবদ্বিমুখ?

পৌরাণিক কথামালায় বিশ্বাসী ভক্তশ্রেণী এই প্রশ্নের নিরসণে একটি মিশ্রিত তত্ত্ব ঠাহর করিয়াছিলেন। প্রথমত- জীবের জন্মান্তরীন কর্মসংস্কার যাহা জীবের মুক্তির অন্তরায় হইয়া আসে বলিয়া তাহারা বলিয়া থাকেন, দ্বিতীয়ত জগদীশ্বরের মায়া-ই ইহার কারণ, তিনি জগতকে মায়া দিয়া আচ্ছন্ন করিয়াছেন, কেন করিয়াছেন- কেন না তিনি লীলা করিতে ভালবাসেন! এই ত্রিসংসার তাঁহার ক্রীড়াভূমি! আমাদের অন্তর হইতে মায়ার আবরণ ঘুচিয়া গেলে তখনই আমরা তাঁহার এই লীলার তাৎপর্য্য অনুধাবন করিতে সক্ষম হইব। বদ্ধজীবের কষ্টের কারণ তাঁহার লীলার গভীরে না যাইয়া জড়জগতের অসার বস্তু সকল লইয়া মজিয়া থাকায়। ভক্তেরা বলেন- ইহাদের চৈতন্য নাই, কারণ ইহাদের মতি ঈশ্বরের পথ হইতে দূরে। যদি এই প্রশ্ন আসে যে, যিনি সর্বনিয়ন্তা তিনি চাহিলেই তো পারিতেন ইহাদের মতি নিমেষক্ষণে তাহার দিকে টানিয়া লইতে, তবে তিনি তাহা করেন না কেন?- তখন এই প্রশ্নের কোন মননযোগ্য উত্তর ভক্তের মনে পড়ে না! তখন বলিতে হয়- এও তাঁর লীলা, অথবা সেই কর্মফলবাদের পুরাতন খোঁড়া দোহাই! তাহারা প্রারব্ধের বশে বদ্ধ। সংস্কার ক্ষয় না হইলে, সঞ্চিত কর্মের ফলভোগ না হইলে সেই গভীর অন্তঃদৃষ্টি জন্মিবে না!   

যদি আমাকে সত্য হইতে বঞ্চিত করিয়া রাখা ভগবানের লীলা হইয়া থাকে- তাহা হইলে তেমন ভগবানকে একজন ক্রুর প্রবঞ্চক ভিন্ন আর কি বলিব? যদি ইহা সত্য যে আমরা শুভাশুভ কর্মের ফল ভুগিতেছি মাত্র, এবং অতীত কোন অশুভ কর্মের সংস্কার আমাদের বারেবারে একইরূপ হীনপথে ধাবিত করিতেছে যাহার ফলস্বরূপ আমাদের শুভবোধ জাগ্রত হইতে পারিতেছে না, তাহা হইলেও কয়েকটি গোড়ার প্রশ্ন আসে- আমাদের প্রথম অশুভ কর্মটি কিরূপে হইয়াছিল? আমাদের মনে কেনই বা আদিমতম অশুভ ভাবটি জন্মিয়াছিল? কেনই বা আমরা মোক্ষদ্বারনিরোধক পাপে নিয়োজিত হইয়াছিলাম? সেই ক্ষণে বিধাতার কি ভূমিকা ছিল? আমাদের প্রবৃত্তি কি পূর্ব হইতে বিধাতার ইচ্ছানুসারী ছিল না? নাকি আমরা প্রথম হইতেই ‘যাহা করিতে ইচ্ছুক, তাহাই করিব' এইরূপ মনোভাবাপন্ন ও ভাবিতে স্বাধীন ছিলাম? যদি আমাদের কৃতকর্ম ও তাহার ফলের জন্য আমরাই একান্তভাবে দায়ী রহি, তাহা হইলে ‘কোনকিছুই ঈশ্বরের ইচ্ছা ব্যতিরেকে ঘটে না’ এমন কথার কোন যুক্তিসিদ্ধতা থাকে না! যদি আমাদের কৃতকর্মই আমাদের ভবিষ্যত নির্ধারণ করিয়া দিবে, আমাদের কৃতকর্মই পারে আমাদের মোক্ষের পথে লইয়া যাইতে তাহা হইলে কেবলমাত্র সৎকর্মের মাধ্যমেই তাহা করা সম্ভব, তাহার জন্য একজন ঈশ্বরের দয়ার অপেক্ষা করিতে হইবে কি?

আর যদি কেবল মাত্র তাঁহার দয়া হইলেই তিনি আপনা প্রকাশিত হইবেন ও মোক্ষ দ্বার অবারিত করিবেন ইত্যাদি ভক্তিকথা সত্য হয়- তাহা হইলে কর্মফলের দোহাইটিকে দূরে সরাইয়া রাখিতে হইবে! ‘একবার নাম নিলে যত পাপ হরে, জীবের সাধ্য নাই তত পাপ করে’- লক্ষ পাপকর্ম করিয়াও জীব বলিবে আমি পাপ করিয়াছি, তথাপি তব নামে আমি শরণাগত অতএব হে কর্মের ফলদাতা তুমি কৃপা করিয়া সকল দোষ ক্ষালন করিয়াও লও! যদি কর্মের একজন ফলদাতা থাকেন তাহা হইলে কর্মের সহিত কর্মফলবাদের ও ভাক্তিতত্ত্বের একটি মিশ্রণ দেখানো যাইতে পারে। নচেৎ হিন্দু দর্শনের যে মৌলিক কর্মফলবাদ, তদাশ্রিত জন্মান্তরবাদ- তাহার সহিত ভক্তি-ভক্ত-ভগবানের সুসম্পর্ক নাই!

জীব কুকর্মে কেন প্রবৃত্ত হইল- এই প্রশ্নের অদ্যপি সদুত্তর হইল না। কি কুহকে পড়িয়া তাহার মনে অসদ্ভাব আসিল? কেন আদম মর্ত্যে আসিয়া নিষিদ্ধ ফল খাইয়া ফেলিল? তাহার কেন জ্ঞাত হইল না এই ফলটি খাইলে পাপ হইবে? আদমকে আমরা আমাদের প্রতিভূ করিয়া লইলাম তর্কের খাতিরে। ধরিয়া লইলাম-

১।  আদম যাহাই করেন তাহাই ঈশ্বরের গুপ্ত ইচ্ছা নহে, আদম কিছু না কিছু স্বাধীন চিন্তানুসারে করিতে সক্ষম, সেই স্বাধীন ইচ্ছার বলবর্তী হইয়া আদম একটি দুষ্কর্ম করিলেন, তাই তাহার শাস্তি হইল। এইখানে আমরা একটি সিদ্ধান্ত পাইলাম যে, আদমেরও একটি সিদ্ধান্ত লইবার ক্ষমতা আছে। তিনি ঈশ্বরের হাতের যন্ত্র বিশেষ নহেন!

২।  আদম অজ্ঞাতসারেই এই মারাত্মক ভ্রমটি করিয়াছিলেন, কেন না ঈশ্বর তাহার মনে একটি প্রেরণা জুগাইয়াছিলেন, অথবা ঈশ্বর এইরকম লীলা প্রকট করিতেছিলেন যাহাতে আদম একটি নিমিত্তমাত্র- আদম ফল খাইবে, আদম শাস্তি পাইবে, এই শাস্তির মাধ্যমে জগতে মানবজাতি আসিবে এবং মানবেরা ঈশ্বরের ভজনা করিবে! আমরা আরেকটি সিদ্ধান্তে উপনীত হইলাম যে- আমরা ঈশ্বরের ঈচ্ছাধীন, তিনি যেমন চাহিতেছেন আমরা সেইরূপে পরিচালিত হইতেছি!

৩। আদম অতি সরল চিত্তে একটি ফল খাইয়াছে, তাহার এই সব যাবতীয় পাপ-পূণ্যের বোধ ছিল না, তিনি জ্ঞানত কাহারও কোন ক্ষতি করিতে চাহেন নাই, তথাপি একটি ফল খাইয়া তাহার মনে একটি স্বাভাবিক জৈব প্রেরণা জন্মিল, তিনি হাওয়ার সহিত মিলিত হইলেন- অতঃপর শাস্তি পাইলেন! কোনটি কি অর্থে নিষিদ্ধ সে বোধ পূর্বে ছিল না, অদ্য তাহার মাধ্যমে সিদ্ধাসিদ্ধের নীতি উদিত হইবে। এইখানে আদম ঈশ্বরের সম্মুখে একটি বলির পাঁঠা- যাহার কিছুই করিবার নাই! ইহা আরেকটি সিদ্ধান্ত।

উপরোক্ত  তিনটি  সিদ্ধান্তের মধ্যে ভক্তগণ যে সময়ে যেটি প্রযোজ্য সেইক্ষণে তাহারই প্রয়োগ করিয়া থাকেন! আমরা কি স্বাধীন? আমরা ভগবানের হাতের পুতুল? আমাদের শুভাশুভ কর্মের নিয়ন্তা কি ভগবান স্বয়ং?- এই সকল প্রশ্নের যথাবিহিত উত্তর ভক্তের হাতে নাই। ভক্ত বলেন ‘বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর!’ তর্কসাঙ্গ করিবার এই হল ভক্তের শেষ মহাস্ত্র! অতএব আমরা ভগবানকে কিরূপে জানিব? ভক্ত বলেন ‘তাঁহার কৃপা হইলেই জানিতে পারিবে’! তাঁহার কৃপা কিরূপে হইবে? ‘তাঁহার আরাধনা, স্তুতি, শুভকর্মে তিনি প্রসন্ন হইলে।‘ চিত্ত সেই পথে ধাবিত হয় না কেন? __
এই প্রশ্নের উত্তর সহজ নহে! ভক্ত সাধক বলেন- বারেবারে মনকে ঘষামাজা করিলে তাহা ক্রমে চকচক করিয়া উঠিবে। মন পরিষ্কার হইলে তাহাতে তাঁহার প্রতিবিম্ব ভাসিবে। এই চেষ্টাটির নাম সাধনা, এটিই তো তপস্যা! মনকে বারবার ফিরাইয়া আনা। ইন্দ্রিয়সুখ হইতে তুলিয়া ভগবদসুখে তাহাকে প্রবৃত্ত করা! এই কাজ কি সহজ? ভক্ত এইখানে মনকে নিয়োজিত করিবার উপায় বলিতেছেন, কিন্তু কোন দর্শনপ্রসূত সমাধানে আসিতে পারেন নাই! অথবা তিনি কেবলমাত্র তাঁর স্ব-বিশ্বাসটিকে দর্শনের ভাষায় নামাইয়া একটি বিচিত্র খিচুড়ি বানাইতে চাহিয়াছিলেন! এই চেষ্টায় জগতের তাবৎ ভক্তকূল জয়ী হইয়াছেন বটে! এই স্থলে ‘ভ্রাময়ণ সর্বভূতানি যন্ত্ররূঢ়ানি মায়য়া’ বলেই শেষ করিতে হয়!

বেদান্ত বলিতেছে- ‘জগত পরব্রহ্মের দ্বারা বস্ত্রের ন্যায় আচ্ছাদিত। তিনিই জগদ্রূপে প্রতিভাত হইতেছেন!’ আবার বলিতেছেন, আমরা তাহাকে জানিতে পারি না কারণ ‘পরব্রহ্ম আমাদের ইন্দ্রিয়সকলকে বহির্মুখী করিয়া সৃষ্টি করিয়াছেন (পরব্রহ্ম কোন ব্যক্তিবাচক শব্দ নহে), সেইহেতু আমরা আপনার গভীরে স্থিত পরমসত্ত্বাকে জানিতে না পারি। যাহারা ইন্দ্রিয়সমূহকে গুটাইয়া নিজের ভেতরে দেখিতে পান- তাহাদের আত্মসাক্ষাৎকার হয়! পরব্রহ্ম একটি আলাদা মিথ্যার আবরণ রচিয়াছেন, এই কথা বেদান্তের নহে! বেদান্ত বলে- সেই ব্রহ্ম আনন্দস্বরূপ ও সর্বভূতে বিরাজমান! একটি আলাদা শক্তিশালী, সর্ব শক্তির অধীশ্বর, যিনি যাহা ইচ্ছা তাহাই করিতে সক্ষম এমন কোন ব্যক্তিরূপসম্পন্ন ঈশ্বরের কথাকে এইখানে প্রাধান্য দেয়া হয় নাই! আমাদের ইন্দ্রিয়সমূহ বহির্মুখী বলিয়াই আমাদের অন্তঃদৃষ্টি ক্ষীণ এই কথা বলিতেছে! কাহারো দয়ায় এই অন্তর্দৃষ্টি জাগিবে- এমন তত্ত্ব বেদান্তের নহে। আমরা ঈশ্বরের মায়ায়, তাহার লীলায় আচ্ছন্ন হইয়াছি বলিয়া তাহাকে ভুলিয়া আছি- এই কথাও আমাদের পুরাতনী বেদান্ত বলে না। বেদান্ত বলে- আমাদের স্বরূপ হইল আমাদেরই অন্তস্থ ব্রহ্ম, আমরাই সত্যস্বরূপ, আমরা তথাপি ইহা উপলব্ধি করি না, কেন না আমরা- অজ্ঞানে মগ্ন রহিয়াছি, আমরা অবিদ্যায় আচ্ছন্ন, আমরা আপনার গভীরে দেখিতে তৎপর নহি- এই অপারগতাটিই ‘মায়া’! একটি অসত্যকে অসত্য বলিয়া অনুভব করিবার পরও তাহাতে আসক্ত হইয়া পড়ি। কারণ কেহ আমাদের জাদু করিয়াছে বলিয়া নহে, কেহ আমাদের দৃষ্টিদুয়ার রোধ করিয়াছে বলিয়া নহে- বরং আমরা আমাদ্বিগের ইন্দ্রিয় প্রভাবেই বাহিরের জগতকে সর্বদা আত্মস্থ করিতে চাহি, যদ্যপি বাহিরের জগতটিই একটি আপেক্ষিক সত্য, নিয়ত পরিবর্তনশীল, ইহাকে সত্যের ধ্রুবকমাণ ধরা চলিবে না! অদ্বৈত বেদান্ত জগতকে মিথ্যা বলিতেছে, কারণ অদ্বৈত পথের সাধকেরা জন্মান্ধ! তাহা নহে। কিছু মূর্খ বুঝিতে পারে নাই! মিথা শব্দের অর্থ- অনিত্য! যাহা আজ আছে কিন্তু কাল রহিবে না এমন কিছুকে স্থির সত্য কিরূপে বলিবে? তাঁহারা বলিতেছেন- কেবলমাত্র পরব্রহ্মই সত্য, একমাত্র অবিনশ্বর সত্য! তাঁহারা বলিতেছেন- এই জগত প্রপঞ্চ একটি মায়া, একটি মিথ্যা! কি অর্থে? অবিদ্যায় অন্ধজন এই সত্য উপলব্ধি করেন না যে এই প্রপঞ্চের অন্তরালে সেই ব্রহ্মেরই বিচরণ! ব্রহ্মই সকল কিছুতে অধিষ্টিত। অন্ধজন জগতস্থিত ব্রহ্মকে না দেখিয়া বাহিরের অস্থিচর্মসারটিকেই উপভোগ্য করিয়া দিনাতিপাত করে! এইরূপ মিথ্যা কালযাপনটিই বেদান্তের ভাষায় মায়া! জগতকে এইরূপে দর্শনই মিথ্যা! জগতকে যখন কেবলমাত্র ভোগের সামগ্রীভরপুর বলিয়া প্রতীতি হয়- তখনই বেদান্ত বলে ইহা অবিদ্যা, ইহা মায়া, ইহা অজ্ঞান, ইহা মিথ্যা; আবার যখন জ্ঞানচক্ষু উন্মিলিত হয় তখন মানুষ দেখিতে পায়- আলাদা করিয়া ভাবিবার মত কোন পরব্রহ্ম নাই, তিনি এই জগতেই, তিনি আমাতেই- এই উপলব্ধিটিই আত্মদর্শন। তিনি নিজেকে জগত হইতেও আলাদা করেন না! জ্ঞানীর সে ভেদ ভাব নাই! ‘স্বীয় আত্মাকে সর্বভূতে দেখা ও সর্বভূতের আত্মাকে স্বীয় আত্মায় দেখা’- এরই নাম ব্রহ্মোপলব্ধি! এরই নাম অপরোক্ষানুভূতি! এটিই বেদান্ত বলে! মিথ্যা দৃষ্টিটি দূরে সরাইয়া সত্য দৃষ্টিটিকে উন্মোচিত করা! আপনার অজ্ঞানতার দায়ভার কোন ঈশ্বরে প্রযুক্ত না করিয়া স্বীয় চরিত্রবলে জ্ঞানারোহণের সাধনা এটি।  সত্যকে কেন জানিতে না পারি? কেন  না আমরা মায়াচ্ছন্ন! মায়া কি? মায়া মানে অজ্ঞান, অবিদ্যা, মিথ্যা! এই মায়া আত্মসঞ্জাত! কেহ সৃষ্টি করেন নাই। তবে এই মায়া কিরূপে আসিল? কিরূপে আমরা এই মায়ায় মুগ্ধ হইলাম? এই জিজ্ঞাসার উত্তর কি হইবে? অদ্বৈতও এইখানে বৈভবপূর্ণ উত্তর দিতে পারিয়াছে বলিয়া বোধ করি না! তবে বেদান্তের ধারায় মনে হয়- মায়া একটি ঘটনা, যাহা নিত্য-ঘটমান, যাহা কার্যকারণ সম্পর্কে উদ্ভূত নহে, ইহা ঘটিয়া চলিতেছে নিয়ত চোখের সম্মুখে তথাপি ইহার কোন ব্যখ্যা নাই! মায়া একটি ব্যাখার অতীত সূত্র! যে মূর্খের দল অদ্বৈত বেদান্তের ‘মায়া’টি কি তাহা ধরিতে পারে নাই- তাদের কাছে অদ্বৈত হইয়া গিয়াছে ‘মায়াবাদ’! যেহেতু অদ্বৈত বেদান্ত একজন ‘মায়াপতি’ আবিষ্কার করিয়া ফেলে নাই যাহার ওপর সমস্ত অলৌকিকতার আলো ফেলিয়া চিরকালের মত যুক্তিবিমুখ হইয়া কেবলমাত্র অন্ধানুসরণকেই পন্থা করিবে! যেহেতু বেদান্ত যথাসম্ভব যুক্তিনিষ্ঠ হইবার প্রয়াস করিয়াছে, যেহেতু তাহারা ব্যখ্যাতীত ঘটনাকে রঙ চড়াইয়া উপস্থাপিত করিতে পারে নাই সেহেতু তাহাদের দর্শন সকলের পাতে ভাল রুচিল না! যেহেতু যুক্তির সাথে জুঝিয়া উঠিতে যে শক্তি লাগে তাহাও সকলের নাই, সেহেতু হীনবল লোক যেমন পশ্চাতে থাকিয়া সবলের নিন্দাবাদকেই আপনার গৌরব ভাবিয়া থাকে, তেমনি কেবল বিশ্বাসীর দল যুক্তিবাদের মুন্ডুপাত করিয়াই স্ব-গোত্রমধ্যে আহ্লাদিত!

মায়া, অজ্ঞান, অবিদ্যা, মিথ্যা এইসকল খলদল কি হেতু ও কি রূপে আমাদের গ্রাসিল, তাহা লইয়া বিকট দর্শন না রচিয়াও একজন ব্যক্তি ভারতবর্ষে সহস্র সূর্য্যের প্রভা লইয়া উদ্দীপিত হইয়াছিলেন! তিনি তথাগত বুদ্ধ। তিনি বলিয়াছিলেন ইহা সত্য যে আমরা মায়া, অজ্ঞানের অন্ধকারে ডুবিয়া আছি, ইহা সত্য যে আমরা অসত্যকে সত্য বলিয়া প্রাণপণে তাহাকে জড়াইয়া আছি- তবে কোথা হইতে এইসকল আসিল তাহা ভাবিয়া দিনাতিপাত করা অপেক্ষা শ্রেয় নিজেকে এইসকল শৃঙ্ক্ষল হইতে মুক্ত করা, নিজেদের মোক্ষের সাধনায় ব্রতী করা, এবং তাহা কোন পূর্ববর্তী বিশ্বাসকে পূঁজি করিয়া নহে, সেই সাধনা হইবে অন্তরের অন্তস্থ সত্ত্বাটিকে জাগরিত করিয়া, নিজের অন্তরকে দেখিতে চাহিয়া, সত্যকে নিজের ভেতর খুঁজিতে চাহিয়া মিলিবে সে পথ- সে পথ গেছে নির্বাণের দিকে! অদ্বৈত বেদান্তের দর্শন এই সাধারণ কথাগুলিকে এতটা সহজ করিয়া বলিতে পারে নাই যেরূপে ইনি  প্রচারিলেন।  তথাপি আমরা কি পারিয়াছি তাহার কথাগুলিকেও ধারণ করিতে? না, পারি নাই! আমরা চিরকাল বিশ্বাস করাকেই করিয়াছি বাঁচিবার পুঁজি! যিনি বলেন নাই ভগবানে বিশ্বাস করিতে, কালক্রমে আমরা তাহাকেই ভগবান বানাইয়া পূজা করিতে লাগিলাম! ইহাই আমাদের রীতি! আমাদের বিশ্বাসকে প্রস্তরীভূত করিবার জন্য, আমাদের বিশ্বাসকে পরম্পরা বানাইবার জন্য আমরা কত গ্রন্থ লিখিলাম- ক্রমশ যুক্তি ও দর্শনের সাধনাকে আমরা বিশ্বাসের হাড়িকাঠে আনিয়া ফেলিলাম! যে সকল তত্ত্ব হইল আমাদের বুদ্ধির অগম্য তাহদের দূর-ছাই করিলাম, আমরা মূর্খ হইয়াও সংখ্যাগরিষ্ঠ হইয়াছি হেতু, সংখ্যালঘুর সৌন্দর্য্যটিকে আমরা সদলবলে মিলিয়া কুৎসিত আখ্যা করিলাম! আমাদের এইসকল কর্মে বিরাম নাই! ইহাও কি বিচিত্র মায়া! 

কোয়ারান্টাইনের গ্যাঁজাল


আনাজে অদ্য আকাল পরেছে, মাছে মাংসেতে হাহাকার
মুরগীর ডিম জোড়া বারো টাকা, কপাল খুলেছে ডিম’অলার!
বিড়ি-টিরি বেচা বন্ধ করেছে বিড়িখোর আছে বিপদে,
বিদেশীরা মদ গিলছে না আর, হাত ধোবে তারা মদে!
স্যানিটাইজার কম পরে গেছে, টইলেটে নাই টিস্যু-
নিউজ’অলার টিআরপি বাড়ে- এবেলা এসবই ইস্যু!  

আমোদে মজেছে ফিলিমের বালা, ফেসবুকে করে যা তা লাইভ-
পলিটিক্স’অলা কাঠিবাজি করে- এরে ওরে ডাকে ‘লর্ড ক্লাইভ’!
আপনি সাজিয়া শুদ্ধাবতার পরেরে ডাকেন ‘ভণ্ড’
টুইট্যারে লেখে কত ট্যারা কথা- বই হবে সাতখন্ড!

ঘরেতে আমার গিন্নি কহেন- ‘যাইতে না দিব বাজারে,
প্রয়োজনে মোরা অনাহারে মরি কোরোনায় যেন না মারে!’
অনেক ভাবিয়া রচিনু পদ্য, বেকারের আর কিবা কাজ,
রামনবমীর ছুটির কৃপাতে- শেয়ার বাজারও বন্ধ আজ!
নচেৎ, কপালে ছুটায়ে স্বেদ অবিরাম ডুবিত সওদা তরী
লক্ষ্মী আমাকে আগেই ত্যাজেছে, বুঝে গেছি জারিজুরি!
ভব সংসারে সকলেই চাহে- পদতলে ফেলো গর্দান,
ভক্ত যে তাহা স্বভাবেই করে, তাতেই তুষ্ট ভগবান!
মদীয় আকার অসুরপ্রকৃতি বিচারে বিচারে অনাচারী
আমি কি বা তবে ডুবিয়া মরিব, আসিবে না কোন কান্ডারী?

ডাক্তার বলে ‘আগে পথ্য গেলো হে, মধুমেহ কিসে সারিবে?
নিজেই নিজেরে এমনি মারিলে ভগবান কবে তারিবে?’
শরীরে আমার মধুস্রোতধারা মরমে জ্বলিছে বিষ,
ডাক্তার তুমি বুঝিবে না তাহা, নামটি যে ‘দেবাশিস’!
দেবের আশিসে- হয়েছ বৈদ্য, রোগী সারো তুমি ওষুধে,
আমি তো হয়েছি বৈশ্য এখন- ক’টা কড়ি আসে ক’সুদে-
এসব গণিয়া সংসার চলে বাকী সবে আগে দিয়া ছাই,
লক্ষ্মীর সাথে বীণাপাণি যান সরে, তিনিও বলেন ‘আমিও যাই’!

গরম এসেছে আগেকার মত, আমার এসি নাই, ছোট রুম-
রাত্রে লুটাই তিনটার দিকে, দশটায় ভাঙে ঘুম!
ভেতরে আগুন, বাইরে কোরোনা, ভাবিয়া আকুল কি করি,
অভাবে পড়িয়া সত্ত্ব জাগিছে মনে, চালে ডালে খাই খিচুড়ি!
যদিও বা সাথে ডিমটি ভেজেছি, ওতে হানি কতখানি হবে?
সকলই করেছি কৃষ্ণার্পিত- প্রভূ নিজগুনে বুঝে লবে!
এমন আকালে ভগবান যদি এতেও রুষ্ট হন,
তবে দেবনিধি দেবতার শুধু, অসুরের কেহ নন!
তাই আমার সাথে সে বিধাতা মশাই’র চিরকাল আছে দ্বন্দ্ব,
বোষ্টমজনে তাই কহে আমি অভাজন, স্বভাবে দারুণ মন্দ!

(গাত্রে আমার সর্বদা রহে রসুন পেয়াঁজ গন্ধ!)




বুধবার, ১ এপ্রিল, ২০২০

কোয়ারান্টাইন কীর্তন


চলো চলো বাপু ভাট বকি গিয়ে, কাজ কি বা আছে জগতে
শমন হয়েছে জারি, ঘরে বসে রও, নচেৎ পেয়াদায় দেবে প্যাঁদানি,
জারিজুরি যত কর, সে তো মানবে না কোন মতে।
(কাজ কি বা আছে জগতে...
প্রাণধন বল- কাজ কি বা আছে জগতে...
ওহে গুণমণি- কাজ কি বা আছে জগতে...)

খোল ফেসবুক পাতা, পড় আজগুবি কথা, গুজবে রহ হে ভোলা,
সুযোগ আসিলে করিও কমেন্ট, শেয়ার অপশন- আছে খোলা।
যবে অলস দিবস কাটে না অকাজে, তবে ফোনখানা খুলে বস হে,
কখন কিভাবে দিন পার হবে, টের পাবে না গো, পাবে না হে,
এসো এসো যত সরেস তামস, চলো ফেসবুকে যাই গুঁতোতে।।
(কাজ কি বা আছে জগতে...
ওহে বেচারাম- কাজ কি বা আছে জগতে...
বোকচন্দর বল- কাজ কি বা আছে জগতে...
ওহে আলসের ধাড়ি- কাজ কি বা আছে জগতে...)

টিপিয়া টিপিয়া অঙ্গুলি কর হে অঙ্গার,
ওহে অঙ্গুলিমালের বংশধরেরা জাগো সবে এই ক্ষণে
তোমাদের লাগি খা খা করে গোটা সংসার!
পোস্টা-পুস্টি জ্ঞান বিকিরণে আলোকে ভাসাও ধরণী,
দূরে করে দাও নয়নের ঘোর, তারে কানা করে দাও এখুনি,
তুলিয়ো না কানে গুরুগঞ্জনা, তাহারা কি পারে বুঝিতে?
(কাজ কি বা আছে জগতে...
হ্যাঁ রে ভজকেষ্টা- কাজ কি বা আছে জগতে...
ওহে ক্যাবলাকান্ত- বল কাজ কি বা আছে জগতে...)



তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...