বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

বিসর্জন

 

সত্যি যদি সুযোগ হত
বিসর্জনে যাবার, কবেই যেতাম চুপিসারে।
কতটা অপাংক্তেয় ভেবেছি কে জানে নিজেকে,
তার চেয়ে বড় বেশী অপরিচিত লাগে সব।
কেন যেন এ শহর, তার পথ ঘাট, সচল মানুষ কত,
ধুলো, ধোঁয়া, বাদ্য বিনোদন, নিরলস কলরব-
তবু আমি ভীড়ের মাঝে বিবিক্ত অথবা বিরক্ত,
হয়ত বা অসংলগ্ন অস্তিত্ব কিছুর- একপ্রকার থাকা।

রাত বাড়লে দূরের এক নিমপেঁচা সঙ্গী হয় আজকাল,
শরৎ শেষে গোটা কয় রাতচরাও জানি পাব গহীনে,
অযতনে মরচে ধরা খাঁচায় শুনি ঝাঁপটায় পাখা-
যে পাখী, সে প্রত্যুত্তর দিতে চেয়ে আকাশে কেঁদে মরে।
এত সব নিত্য জাগ্রত হট্টগোল ফেলে যদি বলি,
যদি সত্যি হত ন্যুনতম অবকাশ নয়, সত্যি সুযোগ-
তবে বিসর্জনেই যেতাম উলোবন কাশবন বাঁশবন ছেড়ে
ধানসিঁড়ি নয়, শঙ্খচিল, শালিক হয়েও নয়, নিতান্ত-
কোন কালো দাঁড় কাক হয়েও যদি অন্য কোন নদীতীরে
আমি না হয় ভেসেই চলে যেতাম- যদি সুযোগ হত। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিসর্জন

  সত্যি যদি সুযোগ হত বিসর্জনে যাবার, কবেই যেতাম চুপিসারে। কতটা অপাংক্তেয় ভেবেছি কে জানে নিজেকে, তার চেয়ে বড় বেশী অপরিচিত লাগে সব। কেন যে...