স্বদেশী খাঁচা ছেড়ে আমি পরবাসী আকাশ চেয়েছি
বিদেশী মেঘের নিচে কি যে সুখ শান্তি ছায়া!
কিন্তু আকাশ থাকলেই কি পাওয়া যায় নিশ্চিন্ত নীড়?
আকাশ থাকলেই কি বেঁচে থাকে ছোট পাখীটির-
বন্দীত্বে বিরাগ আর উড়বার মায়া?

ক্ষুধার বাসনা দুর্বার বড়, 
ক্ষুধিত বোঝে না স্বাধীনতা চিরদিন অন্নদাত্রী কিনা!
খাঁচার চাইতে বেশী অনিশ্চিত আকাশ,
হতে পারে সে মহত্তম, অনেকাংশে বড়-
হয়ত অনির্দিষ্টকাল সানন্দে ডানা মেলে মন্দ-দখিণা-
বাতাস কেটে বুকভরে শ্বাস নেয়া যায়!

পেট ভরে না যার কোনদিন ঠিকমতো,
বুক না ভরলে তার কি বা আসে যায়- বলো দেখি!
ভিখিরিকে লিখে দাও সাহারার রাজত্ব পুরো
তারপর চলো বসে কবিতা লিখি-
একদিন সাহারার অধিপতি সাবেক ভিখিরি
বালুকাময় জীবন নিয়ে জান্নাতে গেলো! 
বালির প্রাসাদ গড়ে বালির নগরে
জীবনভর জাঁহাপনা শুধু বালি খেলো!

______________________________

যেখানে জীবন অনিশ্চিত, সেখানে রাজা হতেও ভয়!