বুধবার, ২৪ এপ্রিল, ২০১৯

চিরস্থায়ী প্রেমিক

হয়ত পাখিরও ইচ্ছে করে চিরস্থায়ী প্রেমিক হতে
কিন্তু তার উচ্ছল ডানা দু’টি দেয় না অবকাশ।

হয়ত নক্ষত্রেরও সাধ হয়-
ঘুরে আসে অন্য কোথাও,
অথচ আকাশের অপর পাড়ে-
সেও যে আকাশ!

কোথায় বা যাবে....

আমাদের কেমন সব বিচিত্র বৈপরীত্য আছে।
আমাদের সকল প্রেমের মাঝেই যেন কিছু
অপ্রেম আভাস.....
মাঝে মাঝে সেসব কথা হৃদয়ের কাছে-
আরেকটি হৃদয় হয়ে ফেলে দীর্ঘশ্বাস-
নিঃশব্দে......
আর তাতেও কয়েক লক্ষ কালোত্তীর্ণ গান হয়ে যায়...
শতেক অব্দে.....

তারপর?

কীর্ণ আকীর্ণ নানা কথার কল্লোলে, আমি-
ভুলে গেছি কোনদিনই না গাওয়া হাজারটা গান,
ফিরে গেছি অজান্তে ইছামতি ঘাটে,
আজও তো ভেড়েনি কূলে তোমার সাম্পান!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...