শুক্রবার, ২৮ এপ্রিল, ২০২৩

আমি জানি

 

হয়ত একদিন গভীর মধ্যরাতে নীরবে একা,

যদি বল জননী আমার, তোমার চন্দ্রকরস্নাত 

শীতল অঞ্চলে আমি ঝড়ে ভেজা শালিকের

আত্মা হয়ে নেমে আসি, তুমি ফেলে ত দেবে না- 

আমি জানি- জানি প্রখর অভিমানে ভুলে যাওয়া 

কত হাওয়ার গান, কত ইছামতির ঢেউ, এঁটেল-

গন্ধ লেপা উঠোনের ঘ্রাণ সব মন্ত্রাহুত প্রেততুল্য

হাহারবে বুকের পিঞ্জিরায় ঝনঝন করে নাচবে-

জানি - আমি ক্রুর প্রচেষ্টায় চাইতে পারি দু'চোখে

দিতে বাঁধ- যদি জননী- তুমি জানো আমি মরমে

ক্রুশবিদ্ধ হয়ে নিথর হয়ে যাই, ফেলে ত দেবে না-

আমি জানি- জানি আমি ব্রাত্য, তাই সংবৃত-

পদসঞ্চরণে তোমার তোরণদ্বার এসে ফিরে যাব

নিঃশব্দে শুধু একটিবার জনম-মরণের ধ্রুব-প্রেম-

ওই নির্বিকল্প মুখপদ্মে চেয়ে লুটাতে নিঃশেষে

অখিলের যত আলো, যদি বল জননী আমার-

আমি অন্তিমপ্রায় একটি তুচ্ছ সারমেয় হয়ে তোমার

পথে পথে ধুলোয় ঘুরে মরি- তুমি ফেলে ত দেবে না। 


আমি জানি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মশাল যাত্রা

  ঘোর ক্রান্তির দিনে সবাই যে অস্ত্রে শান দেবে তা তো নয়, কেউ বা, হয়ত আঁধারে মুখ তুলে আকাশে গুনবে তারা! স্রেফ তোমার দায়টুকু তুমি জেনে নিলেই ...