বুধবার, ১ জুন, ২০১৬

এসবের পারি না কিছুই

তোমাকে ঘৃণা করতে চেয়ে কতবার
নিজেকে অকরুণা করে ভালবেসে ফেলি!
তুমি যে কেমন নেশা, দুর্বোধ্য প্রচ্ছন্নতা
চোখে লেগে থাকো, আমি মদিরাসক্ত না হলেও
আবোলতাবোল বলি-
হুঁশ থাকে না আমার।
আমার কি যে হয়।
আজকাল চণ্ডমূর্তি ধরে ত্রিলোক সংসার-
অবলোকন করি ঘুরপাক খেয়ে!
দু'হাত পেছনের অতীতকে মনে হয় কতদূর,
কতকাল অচেনা, ভবিষ্যৎকে ভাবি শুধুই অন্ধকার,
এবং বর্তমান- সে তো সিগারেট হয়ে-
আমার সাথেই পোড়ে!
তোমাকে বড় বেশী ভালবাসতে যেয়ে
এই দেখো- নিজেকে কেমন বৃত্তে বেঁধেছি!
একদিন যখন সমস্ত প্রেমের কবিতা পঙ্গপালে খায়
তখন জেনেছি- বুকের হাড়গুলো নোনাজলে ধুয়ে
আমি কি নির্বোধ, কত গণ্ডমূর্খ, কতটা অর্বাচীন!
যে শুধু ভালবাসতে জানে সে হারে
যার আছে কিছুটা প্রবঞ্চনার নীতি, সে-ই শুধু জেতে।
অথবা যে ঘৃণা করতে জানে প্রয়োজনে একদিন
সেও পায় কিছুটা শান্তি কোনমতে।
এদিকে আমাকে দেখো-
আমি তো এসবের পারি না কিছুই।

২৭ এপ্রিল, ২০১৬

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

তীরে ফেরা

  অনন্ত দিনরাত্রির কত স্রোতভঙ্গ কলরোলে আমি ভাসিয়ে ভেলা অবেলা ওপারে যাব বলে হাল ধরে ঠাঁই জেগে আছি নির্নিমিখ। কত ঝড়ের ঝাপটা এসে, দিল দোলা ক...