অপেক্ষা তোমাকে হৃদয়ে পাবার জন্য নয় আজ
অপেক্ষা বুকের হাড় মাংসের মধ্যে পাবার!
অপেক্ষা নয় চোখে চোখ রেখে বসে থাকার অথবা হাতে হাত রাখার
অপেক্ষা একটু নির্লজ্জ হবার, একটু শিথিল হবার মাঘের রাতে গলিত কুয়াশায়।
অপেক্ষা নয় মধ্যরাতের ফোনালাপের, অপেক্ষা নয় একাকীত্ব নিয়ে ঘুম ভাঙার
নৈমিত্তিক নিয়তি মেনে আর কোন অপেক্ষা নয় যোজন দূরত্বে থাকা চুম্বনের
অপেক্ষা এখন রিরংসু হবার, নিমজ্জিত হবার প্রাকৃত প্রয়োজনে!
অপেক্ষা নয় নৈতিকতার দায়ে বদ্ধ হবার প্রথানুগ শৃঙ্খলে
অবক্ষয় সে কি মানুষের নাকি জান্তব আদিম সম্প্রীতির সে উত্তরের অপেক্ষা
না থাক! অপেক্ষা না থাক অলোথলো হবার বৈকালিক নির্জনতায় আর কোনদিন
সংযমে সংহত হবার ব্রত কঠিন- ভেঙে যাক স্পর্শের আবাহনে
তাতেও তো কবিতা হয়!