অনেককিছু তো আমি চাইছি না|
হাজার পঞ্চাশেক টাকা মাসিক উপার্জন,
চকচকে জুতো, ঝকঝকে টাইটান ঘড়ি, স্যুট কোট টাই;
চাইছি না তো|
আমার একজোড়া সুতির শার্ট আর 
একজোড়া কালো প্যান্ট হলে দিব্যি বছর যাবে|
আর এক জোড়া টেকসই জুতো যার সুখতলা মজবুত হবে
যা দিয়ে ধরিত্রীর দু একটা দগ্ধ নগর বহুকাল ঘুরে দেখা যায়,
তেমন একজোড়া পেলেই হবে|

একটা হারমোনিয়াম|
না থাক| এখন দেখি এটা ছাড়াও বাঁচতে পারি|
একটা সস্তা স্মার্ট ফোন ইদানীং লাগে| তাতে কবিতা লিখি|
একদিন ওটা ছাড়াও কেটে যাবে দিন মনে হয়|

একবেলা সাদা ভাত হিঞ্চে অথবা কলমি শাক দিয়ে 
আমি রাজসুখে গিলতে পারি পরম তৃপ্তিতে|
অন্যবেলা না হয় মুড়ি জলে ভিজিয়ে পেটে ঠেসে দেব|
নিত্য মাছ জোটাতে আমি বলছি না|
চাইছিও না|

অনেককিছু তো চাইছি না|
হাজার স্কয়ার ফিটের ফ্ল্যাট, বেলকনি, বিরাট ড্রয়িং
চাইছি না তো|
আমার একটা খড়ের একচালা কুঁড়েঘর হলে বেশ হবে|
একটা নাতিউচ্চ মাটির বারান্দা থাকবে, একটা মাদুর,
খুঁটির পাশে একটা জলের কুঁজো থাকলেই আমার স্বর্গ|
আর কি চাইতে হয়?

আমার এতসব সীমিত চাওয়ার মাঝেও 
আমি প্রচণ্ড দুঃসাহসে তোমাকে চেয়ে ফেলেছি|
এখন আমার বুকে দিনরাত ভয়-

খুব বেশী কিছু চাইলাম বুঝি|

(একটি অকবিতা)