মাম্মা,
আমার বেঁচে থাকতেও খুব ভয় করে।
এক আঁধার আমাকে অন্য আঁধারের কাছে রেখে আসে।
এক সমুদ্র আমাকে ভাসিয়ে নেয় অন্য সমুদ্রে।
এক বেদনা আমায় মুক্ত করে বিকিয়ে দেয়
অন্য বেদনার কাছে- অত্যন্ত স্বল্পমূল্যে!

মাম্মা,
নিজেকে এতটা অ-মূল্যবান কখনো ভাবিনি।
এতটা অপ্রয়োজনীয় কখনো মনে করিনি আর।
এখন আমার স্বপ্ন দেখতে অনেক কষ্ট হয়।
এক স্বপ্ন আমাকে পাঠিয়ে দেয় অন্য স্বপ্নের কাছে
পরিশেষে সমস্ত স্বপ্ন দুঃস্বপ্ন হয় আর কোন স্বপ্ন-ই
ফলিত হয় না আমার ভাগ্যদোষে।

মা,
কবে যে মরে যাব জানি না।
মরে যাওয়াটা কোন কাজের কথা নয়।
অন্যায্য কথাও নয়।
এভাবে যে ঝরা পাতার মত ভেসে চলি পথ থেকে পথে
ডোবা জাহাজের অ-নিমজ্জমান পণ্যের মত
স্রোত থেকে স্রোতে আমি ভাসছি তো ভাসছিই
এভাবে ক'দিন বল আরো ভাসা যায়?

এখন আমার সবকিছুতেই একটা কেমন আতঙ্ক আসে।
একটা কেমন অভাবিত অচলাবস্থা আমাকে করে গ্রাস
আমাকে কেমন করে নির্দয় হয়ে পিষে পিষে মারে
আমি নিঃশব্দে চীৎকার করে উঠি মা,
প্রবল আঘাতে মানুষ কাঁদে না মা,
মানুষ চীৎকার করে!

মাম্মা,
আমিও যে সুখে বাঁচতে চেয়েছিলাম 
অন্তত ওই কৃষকটার মত, অন্তত ওই শ্রমিকের মত,
অন্তত ওই রিকশাচালকের মত, কিছু না হোক-
অন্তত ওই ভিখিরিটার মত কিছুটা স্বস্তি নিয়ে।
হল না মা। হয় না আমার। 
আমাকে একবুক দুরাশা পাঠিয়ে দেয় নিরাশার দেশে,
একটা জলোচ্ছ্বাস টেনে নেয় অন্য জলোচ্ছাসে,
আমি কোনদিন কোন কূল খুঁজে পাইনি তো মা।

সব্বাই বলে, আমি নাকি একদিন অনেক বড় হব!
সব্বাই বলে মা, তুমিও গর্ব করে বলতে।
এখন আমিও বলি মা, আমি একদিন অনেক বড় হব
এত বড় হব, এতটাই বড় হব যে একদিন
আকারহীন হয়ে যাব আকাশের সাথে।

মাম্মা,
অনেক কষ্ট হয়।
তুমি খুবই কষ্ট পাবে।