তারপরও কোথাও না কোথাও একটা 'কিন্তু' এসে যায়।
যদিও নীলাকাশ তোমার পক্ষে আছে।
বঙ্গ-উপ-সমুদ্রসীমা তোমার সাফাই গায়।
যদিও বান্দরবন থেকে সুন্দরবন পর্যন্ত বিস্তৃত শ্যামলিমা
নদী ও নীলিমা তোমাতেই মুগ্ধ
তবুও কোথাও না কোথাও জানি তারাও কষ্ট পায়।

কিভাবে কিভাবে যেন চাঁদেও কলঙ্ক এসে গেল।
জ্যোছনাও কুঁকড়ে যায় কিসের ব্যথায়
সেটা সে-ই ভাল জানে।

যদিও আউশ ধানের জমি, লাউয়ের মাচাঙ, 
পুকুরপাড়ের ওই ধ্যানস্থ মাছরাঙা, নীল মেঘ, সাদা বক,
জনাকীর্ণ তালগাছ, বাবুইয়ের বাসা সব্বাই তোমার পক্ষে আছে।
তবুও কি করে কি করে যেন আমিই বিপক্ষে গেলাম।

কি করে কিভাবে কেন এতটা নষ্ট হলাম তা তো আমারও অজানা।

যদিও কর্ণফুলির পাড়, পলিমাটি, গোচারণভূমি, পুরনো সাম্পান,
পানের বরজ, চন্দ্রনাথের চূড়া, মেঘালয়, হিমালয়, নবপত্র কিশলয়
দূর্বাঘাসের শীষ, ধরণীর যাবতীয় পবিত্র সুধার ধারা, বাপ্তিস্ম, বিষ,
সব্বাই তোমার পক্ষে আছে।

শুধু আমি ছাড়া।

একা আমিই আজ বিপরীতে আছি।
একা আমিই আজ সর্বস্বহারা।