প্রিয়তমাসু।
এত লোককে গান শোনাতে পারো
আর আমার বেলায় শুধু দু'বোতল সুমিষ্ট হাসি
আর দু'ঘটি লোনাজল ছাড়া কিছুই থাকে না তোমার!

আজকের এ লগনে গললগ্ন হবে?
ভগ্ন তাল ঠেকায় মগ্ন হবে কি সুরে হৃদয় ও অন্তরে
মিলিয়ে দেবে কি অপ্রত্যক্ষ নগ্নত্ব শরীরে শরীরে গভীরে গভীরে
গান শেষ হলে?

প্রিয়তমাসু,
এত যুবকের অস্তিত্ব টলাতে পারো
আর আমার বেলায় শুধু দুর্লঙ্ঘ্য দুর্লক্ষ্য দূরত্ব রাখো
আমার বেলায় থাকে না-পাবার শঙ্কা, অনাত্মবিশ্বাস আত্মায় আত্মায়।
এর বেশী কিছুই থাকে না আমার একান্তে ভাবার!

আজ সন্ধ্যায় কি একটু সুপ্রসন্না হবে?
অমৃতোপম অধরে না দাও আশির্বাদ, দু'কলি রবীন্দ্রনাথ কি আসবে না
কেবলই আমার জন্য বিদায়ী ফাগুনী হাওয়ায় ভেসে তোমার কন্ঠদেশে?

তিনি কি এতই পাষাণ?
তিনি একান্তই বাধ্যগত, একান্ত করতলগত, একান্ত তোমার বশে?
শুধু তোমাকেই সমস্ত দিয়ে তিনি কি প্রস্তরের প্রাণ
বসে আছেন তোমার নয়নে কাজল বেশে?

হে ভগবান! আমি ঈর্ষান্বিত হই!