একদিন কবেকার কোন এক অখণ্ড চতুর্দশীর রাতে
প্রায়োপবেশনে ক্ষয়িত চন্দ্রের অমোঘ উন্মেষ ধূর্জটির শিরে।
নারী- সে চলেছিল অনাহূতা পন্নগীর মত আঁধারের সাথে।
সেই তো সেদিন- প্রথম প্রমথ আকর্ষণ যৌবনের তীরে,
ডুবেছিল মৈনাক! ডুবেছিল পৌরুষ গরিমা কারো বাহুপাশ ঘিরে।
সেদিনই তো বলেছিলে, "হে বিরুপাক্ষ ভৈরব-
এ রাত্রি অমর হোক। তাতে তোমারই গৌরব!"

এই উন্নাসিক মর্ত্যলোকে দুটি উন্মীলিত প্রেম অকালেই যদি ঝরে,
তবে হে প্রমথাধিপতে! কি আর মহিমা তোমার! কি আর হৃদয়-বৈভব
যা নিয়ে আসীন তুমি আমাদের পিঞ্জরের পূত আসনে?

এমনই এক তমোময়ী যামিনীর কৃষ্ণ বস্ত্রাঞ্চলে আলুলায়িতা মায়ায়
তুমি বেঁধেছিলে জীবনের জটিল শেকল ঋকমণ্ডলার্গত গৃহ্যসূত্র গুণে
বৈদিক বিদেশে। সেই তো সেদিন, আমি শধু তোমাকেই ভালবেসে
রণবেশ ফেলে, যুদ্ধ ছেড়ে আঁখি মুদে বুদ্ধ হলাম, প্রচণ্ড দুর্দিনে!

নিরবধি প্রেম-বোধি আমি নিরবে পেলাম
চুম্বিত চন্দ্রাননে সব সঁপে দিয়ে যা কিছু আমার।

_____________
শিবরাত্রি