এক হৃদয় কবিতা শূণ্যতায় তোমাকে চাই,
ব্রীড়ানতা কুসুমিতা কন্টকসমেত হও, ক্ষতি নেই;
আমার এই গাঢ়তম বেদনায় তবুও তোমাকে চাই।

এই দুর্নিরীক্ষ্য তমসার অন্তরালে কিছুতেই
একাকীত্ব বুকে ধরে বাঁচাতে শান্তি নেই।
যদিও ঝলকিত জ্যোতির্ময়ী না হও, 
তবুও তোমাকে চাই।
পাই বা না পাই, 
না চাওয়াতে কোন তৃপ্তি নেই,
অনাকাঙ্ক্ষায় কোন প্রেম নেই, 
যেখানে ব্যথা নেই সেখানে অস্তিত্ব সংকট,
সেখানে কিছু নেই।

কিছু না থাকায় বল কিসের গৌরব!
হাসি যদি না ঝরে তবে অশ্রু ঝরুক
ফুল যদি না থাকে, না থাকে সৌরভ
কাঁটাই থাকুক, দু'ফোঁটা রক্ত পড়ুক।

তবু কিছু না কিছু থাক।
তাই তোমাকে চাই।
বৈশাখের খর রোদে তপ্তগাত্রে শিরিষের ছায়া
লাগুক বা না লাগুক, ধানক্ষেত ডিঙানো বাতাস
জাগুক বা না জাগুক, আমি তোমাকে চাই।
পাই বা না পাই।
এই শ্যামলিমা আদৃতা ইছামতীটির মত তুমি
আমার ভেতরে আর বও বা না বও,
দিগন্তে প্রক্ষেপিত আমার প্রতিটি শীলিত চুম্বনে
তুমি শিহরণ পাও বা নাও,
আমি তোমাকে চাই।

আমার সকল দগ্ধ স্থবিরত্ব প্রকটতায়,
সকল কবিত্বে, সকল যন্ত্রণার অদম্য অগ্নি ছটায়,
সকল মনঃপীড়ার উৎসমাঝে, সমস্ত ব্যর্থতায়
অন্তত গভীর দুরাশা হয়ে তুমি থাকো।
তবু থাকো।