সবিনয়পূর্বক নিবেদন,
নিবেদিতা, বিষ হবে বিষ?
একটু খাব।
জীবনে একবারই খাব
শেষবারের মত?
তারপর এসেছিলাম যেখান থেকে
ফিরেও যাব সেখানেই
অথবা অন্য কোথাও শাস্ত্রসম্মত
বিধান মেনে।
আপাতত, কিছু খেতে চাই।
বিষ হবে বিষ?
বিনীত আবেদন শোন,
কিছু শোন না কেন কে জানে!
দেখো কত আকুলতা দুচোখে উদ্বেল 
কত দগ্ধদিনের তৃষ্ণা বুকে
জিভ শুকিয়ে কাঠ।
বিষ দাও বিষ
শীতল হই
নিথর হই
নিরব হই
ঈশ্বরের করুণাশিষ
ট্যাঁকে গুঁজে এ যাত্রায় পদ বাড়াই
বৈতরণীর পাড়ে!

সবিনয় প্রার্থনা নিবেদিতা
হৃদয় হয়েছে যার অনির্বাপিত চিতা
তাকে আগুনের ভয় কেন দাও?
তাকে দাও..
শীতলতম বিষ
প্রণয়ের রন্ধ্র ভরে
বন্ধ করে দরজা জানালা সব
ছলনার অন্ধকারে
তাকে দাও
সমস্ত দাও
বিষাক্ত বৈভব
বিষের অন্তঃপুরে
এর বেশী কিছু নয়।