আমি একটি বিপ্লব হয়ে জন্মেছিলাম হয়ত।
একটি বীজ, একটি সম্ভাব্য মহীরুহ,
একটি মশাল, একগুচ্ছ কবিতা,
একটি প্রেম, একটি বিনাশী বিদ্রোহ
হৃৎপিণ্ডে নিয়ে ব্রহ্মাণ্ডে এসেছিলাম হয়ত।
প্রেম-দুর্ভিক্ষ কবলিত দেশে জন্মের বুভুক্ষা নিয়ে
ঘুরে ঘুরে ফেরার জন্য এসেছিলাম নয়ত।
অথবা আমি একটি মৃত্যুর জন্য এসেছিলাম।
একটি জীবন, একটি আঘাত,
একটি নারী, একবিন্দু রেতঃপাত,
একটি নদী ও একটি বন্যার জন্য এসেছিলাম হয়ত
একটি আকাশ, একটি বজ্রপাত
একটি বিপর্যয়, একটি অপরিণত অবারিত
বেদনায় বাঁচতে এসেছিলাম একটিমাত্র মৃত্যুর জন্য
ফিনিক্স পাখির মত!
আমি জন্মেছিলাম একটি যৌবনের জন্য।
একটি অগ্নিগিরি, একটি ঘূর্ণিঝড়,
একটি পাহাড়ধস, একটি দীর্ঘশ্বাস,
একটি দাবানল, একটি রিক্ত ঘর
ভরে দিতে ব্যথায় ব্যথায় আমি এসেছিলাম!
আমি এসেছিলাম একটি ধানক্ষেতে,
একটি গেঁয়োপথে, একটি বটের ছায়ায়,
আমি এসেছিলাম একটি সঙ্গীতে
একটি সুর হাতে, একটি মায়ায়
একটি জরায়ুর আয়ু গ্রাস করে প্রসব সংঘাতে
আমি এসেছিলাম!
এ আমার অনাকাঙ্ক্ষিত জন্ম
এ আমার অবাঞ্ছিত কবিতার দেহ
এ আমার অভিশপ্ত জীবনের গাথা
এ আমার বঞ্চিত অতৃপ্ত মোহ
যা নিয়ে আমি এসেছিলাম ফাগুনের ভোরে!
একটি আক্ষেপ, একটি আর্তরব
একটি দীঘল রাত, একটি পদক্ষেপ
চৌকাঠ ভেঙে উদ্যত একটি অনুভব 
বিকশিত বিকচ বিষসিক্ত খঞ্জরে
বিনষ্ট করতেই আমি এসেছিলাম।

এখানেই শেষ।

________________________
03/18/2016 3:15 pm