কখন আসবে? কবে আসবে?
আদৌ আসবে কি? সত্যি কি?
দূরত্বকে আরো দূরত্বে ছুঁড়ে দিয়ে
তুমি আসবে কি? আসবে কি সহসা?
আসবে কি ফুল নিয়ে? আসবে কি রক্তাবরণা?
প্রেমানুরঞ্জিতা আসবে কি? আসবে কি বল না!
আসবে কি গ্রীষ্মোপগম কালে প্রণয়িনী বরষা
দামিনী ঘন বিনুনি খুলে নীল-নভ-ললনা
আসবে কি আমার বুকে? আসবে কি মহাসুখে
সমারোহে নিরুক্ত হৃদয়বিলাপ বয়ে আমার গহন দুখে?
আসবে কি? আসবে কি শুধুমাত্র শ্যামলতা গাত্রাবরণ করে
পঞ্চশরবিদ্ধ উতল শায়িত রাতে অনাবৃত কুচযুগ সুধায় সুধায় ভরে
আসবে কি? আসবে কি পরাঙ্মুখী শ্লীলতার শীতল দরজা খুলে
উন্মুখ কামজ দেহে, নিশ্বাসে, বিশ্বাসে, স্তম্ভিত অবকাশে আসবে কি?
আসবে কি অতলান্ত, অজানিত, অসমাপ্ত গহ্বর মেলে? যৌবনে আগুন জ্বেলে
আসবে কি অন্ধকারে? আসবে কি অত্যুগ্র আলোয়? অত্যুষ্ণ উত্তাপে?
অত্যুক্তিভরা কবিতার ছত্রে ছত্রে? আসবে কি নেশায় মাতাল হয়ে,
আসবে কি অভিশাপে, আশির্বাদে, আমার পূণ্য-পাপে, জয়ে-পরাজয়ে?
তুমি আসবে কি? আসবে কি বেদনার পুষ্পপত্রে
নূপুরশিঞ্জিতা দখিনা মলয়ে?
আসবে কি?

দেখো দহনকুঞ্জে বিস্রস্ত প্রেমদগ্ধ বিগলিত আবেগপুঞ্জ- অঙ্গাররাশি।
দেখো, দেখে যাও, এসে দেখে যাও, প্রমূর্ত হাহারব- 'ভালবাসি! ভালবাসি!'
এখানে ওখানে ফেরে, প্রতিধ্বনিত হয় তোমার আকাশ ঘিরে,
এসো, দেখে যাও।

আসবে কি? আসবে কি হর্ম্যপ্রাসাদ ছেড়ে আমার বনাঞ্চলে?
সুবর্ণপালঙ্ক ঘুম জলাঞ্জলি দিয়ে মাটির রাস্তা ধরে ছলেবলে কৌশলে
কূলধর্ম বলয় ভেঙে আমার কুটীরে? তুমি আসবে কি?
তুমি আসবে কি একদিন অকালবোধন হয়ে, অকালরোদন বয়ে,
অকালবাসর পেয়ে অলথলো নন্দিনী? লাজ-ভয়-কুন্ঠায় গীতে কন্ঠ ধুয়ে
তুমি আসবে কি মেঘাবৃতা বিনীতা চন্দ্রমায় আমার শয্যা পাশে?
আসবে কি কাজলি মীনাক্ষীনি বিজুলি দৃষ্টিপাতে ধীরলয়ে হেসে হেসে?
আসবে কি সকল প্রমথকলা নিয়ে মদমত্ত উন্মাদিনী বুকের পাঁজরে?
আসবে কি? আসবে কি অকলুষ পৌরুষে? আসবে কি চিরতরে-
মহাবেগবতী তুমি গভীরে গভীরে? তুমি আসবে কি?
আসবে কি কৌমার্য মন্থনে? দহনে-দহনে? নয়নে-নয়নে? স্খলনে? ক্ষরণে?
প্রভূত প্রকম্পনে প্রলম্বিত প্রলয় উচ্ছাস নিয়ে তুমি আসবে কি শরীরে-মনে?
আসবে কি জীবনে আমার শেষাংশ প্রার্থনার ফলাফল হয়ে
অন্তত শেষদিনে? অন্তত একবার!
তুমি আসবে কি?