"इसका रोना नही क्यूँ तुमने किया दिल बरबाद।
इसका गम है की बहत देर मै बरबाद किया।"

তুমি এ কেমন অভিশাপ!
বুকের বাঁপাশে প্রবল বেদনা! 
স্নায়ুতন্ত্রের বিষ!
কোন জনমের দুর্মতিকৃত পাপ-
এই জনমের সকল পূণ্য, 
রণজয়ী উষ্ণীষ-
ধুলায় ফেলেছে ঘৃণায়!

আমাকে ভেঙেছ, নষ্ট করেছ, 
আমাকে করেছ খুন!
নিজেও জানো না বিধাতা তোমায়
দিয়েছেন কত গুন-
আমাকে ধ্বংস করার!

এ কেমন যন্ত্রণা!
ওই পাড়ে কার ঘর পুড়ে যায়
এই পাড়ে চন্দ্রমা
আমাকে জাগিয়ে রাখে,
আমাকে করেছে ফেরার
নানা হস্তান্তরে!

এভাবে আমাকে মারার-
প্লটটা সাজিয়ে উঠেছিল চাঁদ
ঢাকা শহরটা খুলে!
কৃষ্ণপক্ষ স্বপক্ষে নিয়ে
ধানমন্ডির দিকে হেলে
ডুবে গেল সেটা লেকে!

আমি কর্ণফুলীর পথ চেয়ে আছি
তারও পথ গেছে বেঁকে।
সেও গেছে সব ভুলে
মানুষের পথ দেখে।

ধানমন্ডির লেকে-
এ কেমন অভিশাপ!
অদ্ভুতভাবে ভালবাসা এসেছিল,
অতলে দিয়েছি ঝাঁপ,
থরথর করে যৌবন কেঁপেছিল
বুকের ভেতর আগুনকে বেঁধে
বাইরে নিরুত্তাপ
হয়ে কতটা ভণ্ডামো হয়ে গেল!
কতটা মিথ্যেকে ঢেকে পুঞ্জিত মেঘে
নেমে গেছি কত ধাপ-
সে আর তুমি কি বুঝবে বল?

এই একটা কথা-ই রাখো! 
ভাল কোনদিন বাসতে হবে না
অভিশাপ হয়ে থাকো।