আমার পহেলা বৈশাখ একটি বিচ্ছেদের দিন।
একটি সূর্য্যকরদগ্ধ অভিশপ্ত প্রেমমালা গলায় পড়ার,
একটি বিশ্বাসঘাতী স্বপ্নকে মনে করার
একটি সুযোগ্য দিন- আমার পহেলা বৈশাখ।
একটি অসহনীয় আনন্দের দিন সুরহীন হবার,
একটি ছলনাপূর্ণ মাধুরীকে ত্যাজ্য করে বাঁচার চেষ্টা,
একটি জীবনকে গরল অবগাহী করে কবিতা লেখার
একটি সর্বোৎকৃষ্ট দিন- আমার পহেলা বৈশাখ।
আমার ফাল্গুন চৈত্র কেটেছে আষাঢ় ও শ্রাবণের মত,
আমার অবলোকিত আকাশ ছিল জলদগম্ভীর,
আমার প্রণয়তৃষ্ণা ছিল খরা-ক্লিষ্ট ফসলী ক্ষেত,
আমার প্রণয়প্রাপ্তি ছিল বিষক্ষরা নাগিনীর
অতৃপ্ত দংশন, আমি বদ্ধনেত্রে শরীরে ধরেছি সব!
আমার পহেলা বৈশাখ- সেই বিনষ্ট দিন ছিল,
একটি জ্যোছনার অপমৃত্যু, একটি প্রতিমা নিরঞ্জন,
একটি চন্দ্রাবয়ব ডুবে যাবার, একটি কিংশুকের আত্মহনন 
মনে করার একটিমাত্র বরাদ্দকৃত দিন- পহেলা বৈশাখ।
আমার পহেলা বৈশাখ- সমস্তকিছু বিচ্ছিন্ন করার
তোমার সাথে আমার, আমার সাথে তোমার
একটিমাত্র দিন, চাই বা না চাই- ফিরে ফিরে আসে।
পহেলা বৈশাখ।