কেউ কি তোমারে আর বেসেছিল ভাল আমার মতন?
থুতনিটা ধরে কি কেউ বলেছিল, 
"প্রিয়া হৃদয়ের মাঝে আজ পেয়েছি রতন
যতন করেই তারে রাখব।
আমারে যতই দাও কাঁটার আঁচড়
তত বেশী ভাল আমি বাসব!"

কেউ কি আমার মত নির্ঘুম চোখে
দেখেছে দুখের নিশা গেছে এঁকেবেঁকে
দূর থেকে দূরে?
কেউ কি এমন করে আর ধরেছিল হাত
বলেছিল, "প্রিয়া এই নিরাশার রাত
আমি এই হাত ধরে
সুখের বাসর বুনি ধীরে অতি ধীরে।"

কেউ কি এতটা প্রেমে ছিল উন্মাদ?
এতটা গহীন দুখে পাওয়া অবসাদ
কেউ কি হাসির স্রোতে বলেছে সে সুখী
এতকিছু কিছু নয়, তোমারে সে হারালেই
সে যে চিরদুখী- কেউ কি বলেছে আর
এত ভালবেসে?

কারো কি সমস্ত ব্যথা কবিতায় ভেসে
আকাশের পানে সব হয়েছে উজাড়?
বলেছিল, "প্রিয়তমা কাছ থাকো বসে
বুকের ভেতর কেন এত তোলপাড় 
তুমি ক্ষণিক আড়াল হলে?"

কেউ কি ডুবেছিল এতটাই নয়নের জলে
তোমারে ভালবেসে সর্বস্ব দিয়ে?
কারো কি বুকে ছিল এতটাই প্রেম?
এতটাই প্রশান্তি ছিল কন্টকে শুয়ে?
বল তুমি বল।

আমার অতন্দ্র তারা আজো আছে জেগে
তোমারে সে ভালবাসে, ভালবাসে সখী।
তুমি যে কোথায় কোন আকাশের মেঘে
ভাল থেকো সেখানেই, আজ তবে রাখি।