চলে এসো দূরত্বের প্রেতলোক ছেড়ে
আমি আছি অপেক্ষার পারাবার হয়ে।
আমার পশ্চিমান্ত কূলে সান্ধ্য সমীরে
বেদনার নীলতরী ধীরে যায় বয়ে।
এসো বাও, হাল ধর অভিমানী হাতে
কপট বাতাসে ধর মধুর আলাপ।
কোন এক জনশূন্য অনারম্ভ প্রাতে
প্রমূর্ত কর- প্রণয়ের কার্যকলাপ।

বসে আছি সেই আমি কোন কাল থেকে
আমার হৃদয় ধরে প্রেমের আভায়।
কত কে যে এলো গেলো মুখে রঙ মেখে
সকলের মুখগুলো আমাকে ভাবায়।
জগতের ভীড়ে আমি তোমাকেই খুঁজি
ভালবাসা মানে আমি তোমাকেই বুঝি।

____________________________________
শেক্সপীয়রিয়ান সনেট- ABABCDCD, EFEFGG.

একটা বিষয় আমি আগেও উল্লেখ করেছি যে আমি সনেট লেখার ক্ষেত্রে প্রতিলাইনে ১৪ অক্ষরের মাইকেলীয় পয়ার কাঠামো বজায় রাখলেও পয়ারের ৮+৬ মাত্রার পর্ব বিভাজন অনুসরণ করি না। স্বকীয়তা আনি। এখানেও তাই। যারা পয়ার ও বাংলা সনেটের পরস্পরা সঙ্গতি বোঝেন, কথাগুলো তাদের জন্য বলা।