নাহ! কোনকিছুর বিচার চাইতে আসিনি!
ভার্ডিক্ট জানা আছে! সবকিছু অবলীলাকৃত,
সবকিছু স্বাভাবিক- খুন, ধর্ষণ, লুটতরাজ, নিষ্পেষণ!
সব সব, সব কিছু অত্যন্ত স্বাভাবিক এই দেশে!
বিচার চাইব কেন? বিচার চাইতে আসিনি।
আমি বলতে এসেছি- সবকিছু হোক।
সবকিছুই হোক- শিল্পমানসম্মত উপায়ে!
ধর্ষণ হোক শিল্পগত দিক থেকে সৌন্দর্য্যমণ্ডিত!
খুন হোক সাংস্কৃতিক মর্যাদা অক্ষুণ্ণ রেখে
যথোপযুক্ত কারণ প্রদর্শন করে নিরাপদে নির্ভয়ে
এবং নানাবিধ ধর্মাধর্মবিধিমালা মেনে প্রাসঙ্গিক
যুক্তি সহায়ে! হোক হোক, সবই হোক! 
সংখ্যালঘুরা হোক সংখ্যালঘিষ্ঠ, লঘিষ্ঠতম মানুষ
অথবা বিপর্যস্ত প্রাণীকুল! তারা বিতাড়িত হোক!
হতে হবে ঐতিহ্যগত বিতাড়ণনীতি পুঙ্খানুপুঙ্খ মেনে।
নইলে সেটা অস্বাভাবিক লাগে! প্রতিবাদ করব কেন?
সেসব করতে আসিনি। ফলাফল জানা আছে! 
জানা ছিল বংশানুক্রমিক ভাবে! এসব বলতে আসিনি।
আমি চাই সব হোক। কিন্তু শৈল্পিক চেতনা নিয়ে!
বাড়িঘরে মন্দিরে আগুন লাগানো হোক, প্রতিমা ভাংচুর 
হোক না! কিন্তু শিল্পায়ত প্রক্রিয়ায় হতে হবে!
নইলে কি হবে? নইলে খুব বিশ্রী দেখাবে। ভাল নয়!
বিশ্রী দেখানোটা ভাল নয়! আগুন লাগাতে হবে-
অগ্নিপ্রজ্জ্বলনের সহীহ দেশনা জেনে রাত্তিরে গাঁয়ে গাঁয়ে
আঁধার গহীন জনপদগুলো করে ফেলতে হবে সুন্দর
আলোকোজ্জ্বল! কারা কাঁদে? কাঁদছে কেন? উঁহু, উঁহু!
এসব বরদাস্ত করি না! কাঁদবে কেন? কাঁদবে কেন?
কাঁদলেও কাঁদতে হবে ললিতকলার সকল চলিত
কলা মেনে মিহিমিহি সুরে! চিৎকার করা যাবে না!
চিৎকার কখনো কান্না নয়! ওতে কোন শিল্পগুণ নেই!
আর্তনাদ অনর্থ সৃষ্টিকারী! তাতে কোন মাধুর্য নেই!
সবকিছুতেই একটা শৈল্পিক আবহ চাই! রসবোধ চাই!
এটাই বলতে এসেছি! বিচার চাইব কেন? বোকা নাকি!
বিচার তো করাই আছে যা কিছু হয়েছে, হচ্ছে, হবে-
সবকিছুর বিচার তো করাই আছে প্রচলিত রাষ্ট্র আইনে।
একবুক নিষ্ফল প্রশ্ন আর জোড়া জোড়া অতল চোখ
দিকহারা হাহাকার বাংলার শ্যামল জমিনে আছেই তো
অনেক বছর ধরে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে!
আমি নতুন কি চাইব? আমি শুধু বলতে এসেছি-
আমাদের শিল্পচর্চা অব্যাহত হোক সমস্তকিছুর ভেতর
ব্যস, এটুকুই! ধর্ষণ হয়ে উঠুক কবিতার বিষয়বস্তু রোজ,
ধর্ষণই আসুক রোমান্টিসিজমের কেন্দ্রে নান্দনিকতায়!
খুনখারাপি হয়ে উঠুক সঙ্গীতের প্রাণ, আবেদন আনুক
নর ও নারীতে! দুর্নীতি হোক দর্শনবিভাগের পাঠ্যবিষয়,
আর সবকটি হিতকর ধর্মোপদেশ নাটকের মঞ্চে পাক
সাধের মুক্তি! এটকুই বলতে এসেছি শুধু! হে ক্ষমতাসীন
আমি কোনকিছুরই বিচার চাইতে আসিনি কিন্তু!