স্বামী বিবেকানন্দ
__________________
স্বাভিমান ছিলে দুখী ভারতের ভারতপথিক তুমি।
মীড় গরজনে ধ্রুপদী পুরুষ ভাসালে আর্য্যভূমি!
বিরাট হৃদয়ে যুগবাণী ধরি ধরণীর পথে ঘাটে
বেদান্তবাদে মহাভৈরব উদিলে গো সংকটে!
কালিমালিপ্ত পরাধীন দেশে স্বাধীন বারতা দিলে
নন্দিত হলে বিশ্বসভায়, মানবতা প্রচারিলে!
নয়ন তোমার নবভারতের রচিয়াছে গীত ছন্দ
দলিত দীনের নায়ক হে তুমি, দেব বিবেকানন্দ!

____________________________________________
স্বামী বিবেকানন্দকে নিয়ে এই Acrostic কবিতাটা লিখলাম দেবাশীষের অনুরোধে। শেষ তিনলাইনে 'ন-ন-দ' করে আদ্যাক্ষর আনতে হল। কারণ 'ন্দ' যুক্তাক্ষর দিয়ে কোন লাইন সৃষ্টি করা বাংলায় সম্ভব নয়।

১৪ মার্চ, ২০১৬।