আমার কি হয়েছে?
এত দুঃখ কিসের? কেউ কি মারা গেছে?
আমার অনাগত শিশু?
সেকি আগমণের পূর্বক্ষণে ফিরে গেছে
যেখানে সে ছিল?
এত বেদনা কিসের? 
বুকের ভেতর গামছা নিংড়ায় কে?
ছপছপ করে রক্ত পড়ে।
কেউ কি চলে গেছে?
কেউ কি দরজায় খিড়কি দিয়েছে ভেতর থেকে
আমি আসব শুনে?
জানালা বন্ধ করেছে আকাশকে ভুলে
আজ রাতে দু'টো তারা কম গুনে-
এমন তো নয়!
তবে আমার কি হয়েছে?
এত কষ্ট কিসের? কবিতা কেন আসে?
এত কথাও কিসের?
কেউ কি ঘুমিয়ে পড়েছে?
সদ্যজাত প্রেম অবিকল্প জীবনের জরায়ু ছিঁড়ে
তরতর করে নেমে গেছে মরা মাংসপিণ্ড হয়ে?
তেমন তো নয়।
তবে এত অনিদ্রা কেন?
এই স্বপ্নহীনতা কেন?
অশ্রু কিসের?
কেউ কি বলে গেছে সে আর ফিরবে না?
অথবা কেউ কি পূষা নক্ষত্রে পলাতকা
হয়েছে, হতে হয়েছে অজ্ঞাত কারণে?
তবে এত খোঁজ কিসের-
সন্দিগ্ধ দৃষ্টি দিয়ে আকাশগঙ্গায়?
ওখানে খুঁজছি কাকে?
সে কি তারার শয্যায়
নিরুপায় অঙ্কশায়িনী হয়ে লুন্ঠিতা?
অথবা সানন্দে ঘুমায়?

আমার ঘুম নেই কেন?