যতবার ফিরে এসেছি,
যতবার ঘুরিয়ে নিয়েছি মুখ,
যতবার সংক্ষুব্ধ অন্তর নিয়ে বলেছি বিদায়,
যতবার ভীষণ মুর্তি ধরে বলেছি 'চলে যাও'
যতবারই বুক থেকে নামাতে গেছি,
যতবারই নিজেকে মানাতে গেছি শূণ্যতার সাথে
যতবারই আমার তাণ্ডবে এসে তুমি বাধা দাও,
যতবারই ক্ষতবিক্ষত হয়ে ছুরির খোঁচায়
তর্জনীনির্দেশ করে বলেছি, 'তোমার ক্ষমা নেই'
যতবারই ব্যথায় তিক্ত আমি ভয়ংকর রাতে,
অজস্র নষ্টের বোঝা এসে আমাকে বোঝায়,
যতবারই আমি হতে চেয়েছি প্রেমহীন,
যতবার আমি হতে চেয়েছি নিরুদ্বিগ্ন হৃদয়,
যতবার হতে চেয়েছি স্থিতপ্রজ্ঞ, ক্রন্দনহীন,
যতবারই তোমার স্ফুরিত বিষে বেদন উদয়
হয়, শরীর জ্বলে, স্নায়ুকলায় ধায় তীব্র দাবানল,
যতবারই প্রচণ্ড বঞ্চনার ভ্রুকুটি তুলে দলেছি তোমায়
দূর হতে বলেছি চোখের সামনে থেকে সকাল সন্ধ্যায়
যতবার আমি তোমাকে হেনেছি আঘাত,
যদিও জানি এইসব হয়ত বা যোগ্য প্রত্যাঘাত নয়
তবুও জেনো ততবারই কেউ ছিল আমার ভেতর
যে তোমায় প্রচণ্ড ভালবেসেছে!

যতবারই আমি দূরে চলে গেছি জরৎকারুর মত
যতবারই দয়ামায়াহীন হয়ে বিঁধেছি কথায়,
যতবারই তোমাকে কাঁদাতে পেরেছি আমি জিভের ডগায়
ততবারই তুমি জেনো কেউ ছিল লুকিয়ে কোথাও
কেউ ছিল কি প্রচণ্ড রোরুদ্যমান!
কেউ তা দেখেনি!

যতবারই এক একটা সত্য প্রেম ছারখারে গেছে
ততবারই কেউ না কেউ স্বাক্ষী হয়ে থাকে,
আমিও হলাম।