বুধবার, ৩১ আগস্ট, ২০১৬

কবিতার উপজীব্য

আকাশে মেঘ আছে, বৃষ্টি বিদ্যুৎ আছে 
অথচ আমার সুরে মল্লার নেই, 
ছন্দ নেই, বিবাগী দৃষ্টি নেই, দু কলম- 
আক্ষেপ নেই কবিতার কয়েক ছত্রে। 
এ কি আমি নাকি আমার প্রেতাত্মা 
দোদুল্যমান বাতাসে? 

ওড়ে ঝড়ের রাত্রে- 
বিনষ্ট-নীড় বিহঙ্গের ডানা, অবকাশ নেই 
থেমে থাকার বোধিবৃক্ষের ডালে মহাস্থবির হয়ে 
দুর্বৃত্তের হানা চিরদিন দুর্বলেরা সয়ে- 
গড়েছে সাধের পৃথিবী, রক্ত পুুঁজে ভরা! 
তাই অবকাশ নেই থেমে থাকার 
মল্লারের অপেক্ষা নিয়ে কবিতার শুষ্ক পাতায় 
কবিতার উদার জমিতে আজ রুক্ষ বৈশাখ 
আছে বুকফাটা খরা! 

এ কি আমি নাকি আমার প্রেতাত্মা কাঁদে 
নিভে যাওয়া স্বাধীন শ্মশানে? 
কাঁদে মৃত্যু, অপমৃত্যু নিরাময়-অযোগ্য জরা 
আষাঢ়ের আউশ ধানে- 
আবাস নিয়েছে, একান্ত ইচ্ছেমত ষড়যন্ত্র করা 
স্বভাবসিদ্ধ করে সমাজকে ঋদ্ধ করার দাবী 
অকৃত্রিম মুখে রাখে যারা- 
তারা কি আজ কবিতার উপজীব্য নয়?

৭৭১৫

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মশাল যাত্রা

  ঘোর ক্রান্তির দিনে সবাই যে অস্ত্রে শান দেবে তা তো নয়, কেউ বা, হয়ত আঁধারে মুখ তুলে আকাশে গুনবে তারা! স্রেফ তোমার দায়টুকু তুমি জেনে নিলেই ...