বৃহস্পতিবার, ১ এপ্রিল, ২০২১

আরাধ্যার দূরযাত্রা

 

রোদসীদগ্ধ রৌদ্রপ্রখর রোরুদ্যমান কবিতায়

গনগনে হাসি অবিনীত রূপে ভরাগ্রীষ্মের সবিতায়

সুরপ্লাবনের মৌন সমীরে, মেঘমল্লার ছেয়ে যায় ধীরে

তার ছেঁড়া কারো ময়ূরবীণার মন্দ্রনিনাদে লহমায়-

ঘুম ছুটে গেছে, জেগে ওঠো তুমি নদী,

দক্ষিণবাহিনী, জোয়ারের জলে যদি

ভাসাই তরণী পার হব ভেবে প্রতীক্ষা ভেঙে যামিনীর

আমাকে তুমি কি ডোবাবে? অভিসম্পাতে অভিমানিনীর

পথহারা হয়ে অবশেষে একা তটে,

অজানা কি আর, সবটুকু জানো বটে!

 

আহত ডানার হতাশাপুঞ্জ পাখি গায় ক্ষীণ কন্ঠে,

কালবোশেখীর আগমনধ্বনি ঘুরে আসে নির্ঘণ্টে!

তবু নীড় বেঁধে, তবু আরো কেঁদে প্রপঞ্চে ধরি সুর

তঞ্চক হল বিবাদী কতক স্বর, আরাধ্যা গেল দূর!

 

 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

  গণতান্ত্রিক হতে গেলে আপনাকে দিকে দিকে লিংকনের ছবি ঝোলাতে হয় না, ভাস্কর্য বসাতে হয় না মোড়ে মোড়ে! গণতন্ত্রের কিছু criticism থাকতে পারে, অবশ্...