শনিবার, ২৪ এপ্রিল, ২০২১

সম্বৎসরে আসিও



সম্বৎসরে আসিও,

 

অবকাশ যদি হয়, শীর্ণা নদীটিরে ছুঁয়ে পাড় ধরে

আমার বাটে। আজিকে অম্বর ঘোর-মলিন, অমোঘ সংকটে

বিভগ্ন কুটীর আমার, তোমারে রাখিব কোথা?

মৃন্ময়-প্রদীপে এতটুকু অবশেষ ছিল ক্ষীণকায়া শিখা,

নিভিল অপ্রতিরোধে ঝঞ্ঝা মরুৎ-ঘায়ে বিগত কবিতায়,

অলখিতে মিলায়ে গেল তারকাদল, দামিনী-দূরাগতা-

তার কজ্জ্বল- কালো অঞ্চলে বাঁধি দু’বিঘৎ মাত্র নভস্তল

পৃথিবী মম- তৃষিত ছুতায়, আমি তা’য় বেদনা-বিহ্বল

উদাস চাতক-সম; অধীর অস্থির চির-দুর্বিনীত কাতর অন্তর

বক্ষপিঞ্জরে আজি, আজি অসহ অন্ধকার, তোমারে রাখিব কোথা?

 

আমার কিছু যে নাই, চিরশূণ্য, কিছু যে নাই আর।  

আজি শুধু একফালি অসহ অন্ধকার-

অন্ধকারের গর্ভে ঘোরেফেরে,

ভাঙা ঘরে।

 

তুমি বৎসরান্তে আসিও।

আমি এ ঘর বদলে নেব ঠিক তার আগে।    

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

মশাল যাত্রা

  ঘোর ক্রান্তির দিনে সবাই যে অস্ত্রে শান দেবে তা তো নয়, কেউ বা, হয়ত আঁধারে মুখ তুলে আকাশে গুনবে তারা! স্রেফ তোমার দায়টুকু তুমি জেনে নিলেই ...